দাউদের সঙ্গে বিতর্কিত ছবি নিয়ে মুখ খুললেন মন্দাকিনি

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৪:০১ অপরাহ্ন, ১৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৪:৫২ অপরাহ্ন, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বলিউড অভিনেত্রী মন্দাকিনির সঙ্গে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের একটি ছবি বহু বছর ধরে আলোচনায়। ছবিটি প্রকাশ্যে আসার পর অভিনেত্রীকে ঘিরে তৈরি হয় নানা জল্পনা ও বিতর্ক। এবার সেই পুরোনো বিতর্ক নিয়ে মুখ খুলেছেন মন্দাকিনি। এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ছবিটি ঘিরে মানুষের নানা মন্তব্য বা লেখালেখির ওপর তার কোনো নিয়ন্ত্রণ ছিল না। একজন শিল্পী হিসেবে বিভিন্ন মানুষের সঙ্গে দেখা করতে হয় এবং সেই সময় নির্দিষ্ট করে কাউকে এড়িয়ে চলার সুযোগও তার ছিল না বলে জানান তিনি।

মন্দাকিনির ভাষায়, ‘মানুষ কী লিখল বা বলল, তার ওপর আমাদের কোনো হাত থাকে না। একজন শিল্পীকে হাজারও মানুষের সঙ্গে সাক্ষাৎ করতে হয় এবং আমাদের কাছে সবাই সমান। সেখানে অনেকের সমাগম ছিল; কাকে রেখে কাকে বাছবিচার করব?’

আরও পড়ুন: বাবা হারিয়েছেন সংগীতশিল্পী সালমা

তিনি আরও বলেন, তারা সেখানে একটি শোতে অংশ নিতে গিয়েছিলেন, দাউদের আমন্ত্রণে নয়। পরে স্টেডিয়ামে একটি ম্যাচ দেখতে গিয়েছিলেন। সে সময় পরিস্থিতির বিষয়টি তিনি সেভাবে অনুধাবন করতে পারেননি বলেও জানান।

মন্দাকিনি স্বীকার করেন, ওই বিতর্ক তার অভিনয়জীবন ও পেশাগত ক্ষেত্রে বড় ধরনের প্রভাব ফেলেছিল। তার মতে, পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তখন নিজের একটি পেশাদার টিম থাকা প্রয়োজন ছিল।

আরও পড়ুন: ‘ব্যাচেলর পয়েন্ট’ তারকা পাভেলের আপত্তিকর ভিডিও ভাইরাল, কি বললেন অভিনেতা?

অভিনেত্রী বলেন, ‘এই বিতর্ক আমার ক্যারিয়ারের অপূরণীয় ক্ষতি করেছে। পরে বুঝতে পেরেছিলাম, এই ধরনের পরিস্থিতি সামাল দেওয়ার জন্য একটি নিজস্ব টিমের প্রয়োজন ছিল।’ তবে সে সময় তিনি বিভিন্ন জায়গায় গুঞ্জনটি পুরোপুরি অস্বীকার করেছিলেন বলেও জানান।

রাজ কাপুর পরিচালিত ‘রাম তেরি গঙ্গা ময়লি’ সিনেমার মাধ্যমে মাত্র ১৬ বছর বয়সে বড় পর্দায় অভিষেক হয় মন্দাকিনির। সিনেমাটি ব্যাপক সাফল্য পাওয়ার পর অল্প সময়ের মধ্যেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান তিনি।

সিনেমাটিতে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে রাজ কাপুরের প্রশংসা করে মন্দাকিনি বলেন, তার কাজের ধরন এতটাই পরিশীলিত ছিল যে তাকে নিয়ে প্রশ্ন তোলার সুযোগ থাকত না। পরিচালকের সঙ্গে কাজের পরিবেশকে পরিবারের একজন অভিভাবকের নির্দেশনার সঙ্গে তুলনা করেন তিনি।

মন্দাকিনির মতে, সিনেমায় গঙ্গা চরিত্রকে ঘিরে যে সংবেদনশীল গল্প ছিল, পরিচ্ছন্ন নির্মাণের কারণে পর্দায় তার কোনো অশোভন ছাপ পড়েনি।

মন্দাকিনি তার দীর্ঘ ক্যারিয়ারে ষাটটিরও বেশি বলিউড সিনেমায় অভিনয় করেছেন। অনিল কাপুর, মিথুন চক্রবর্তী ও গোবিন্দার মতো প্রথম সারির অভিনেতাদের সঙ্গে জুটি বেঁধে একাধিক ব্যবসাসফল সিনেমায় দেখা গেছে তাকে।

দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ‘রাম তেরি গঙ্গা ময়লি’ এবং দাউদ ইব্রাহিমের সঙ্গে বিতর্কিত সেই ছবিকে ঘিরে আলোচনা এখনও তার ক্যারিয়ারের অন্যতম আলোচিত অধ্যায় হয়ে আছে।