ভয়ঙ্কর তিন রোগের ঝুঁকিতে বাংলাদেশ
- ডিপথেরিয়া, হুপিং কাশি এবং পোলিও নতুন করে ছড়িয়ে পড়ার আশঙ্কা
- হাম রোগীর সংখ্যা ২ লাখ ৬০ হাজার ৫২৮ জন : স্বাস্থ্য অধিদপ্তর
- সঠিক পরিকল্পনার অভাবে প্রতিবছর বিপুলসংখ্যক যোগ্য শিশু টিকা পায় না
- পোলিও ভাইরাস ছড়িয়ে পড়লে পক্ষাঘাতের ঝুঁকি তৈরি হতে পারে
শীতের আগমনী বার্তা মানেই প্রকৃতিতে এক মিষ্টি আমেজ, কুয়াশাচ্ছন্ন ভোর আর হিমেল হাওয়ার পরশ। বাংলাদেশে শীতের এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে থাকে এক নীরব ঘাতক—তীব্র বায়ুদূষণ। শীত এলেই বাতাসে আর্দ্রতা কমে যায়, আর ধুলাবালি ও বিষাক্ত সূক্ষ্ম কণাগুলো ভারী হয়ে ভূপৃষ্ঠের কাছাকাছি ভেসে বেড়ায়। বিশ্বের দূষিত শহরের তালিকায় বাংলাদেশের শহরগুলো তখন প্রায়ই শীর্ষে উঠে আসে। অনেকেই শীতের এই ধোঁয়াশাচ্ছন্ন বাতাসকে সাধারণ কুয়াশা ভেবে ভুল করে, অথচ অজান্তেই প্রতিটি শ্বাসের সাথে ফুসফুসে প্রবেশ করছে মারাত্মক সব ক্ষতিকর উপাদান। এই বায়ুদূষণ কেবল অস্বস্তির কারণই নয়, বরং এটি ডেকে আনে নানা জটিল ও প্রাণঘাতী রোগ। শীত এলেই হাসপাতালগুলোতে শ্বাসকষ্ট, হাঁপানি, নিউমোনিয়া এবং ব্রঙ্কাইটিস রোগীর ভিড় আশঙ্কাজনকভাবে বেড়ে যায়। বিশেষ করে শিশু ও বয়স্করা এই দূষণের সবচেয়ে বড় শিকার। শুধু ফুসফুসই নয়, বাতাসের অতিসূক্ষ্ম দূষণকণা রক্তপ্রবাহে মিশে গিয়ে উচ্চ রক্তচাপ, হৃদরোগ এবং স্ট্রোকের মতো ভয়াবহ ঝুঁকিও বহুগুণ বাড়িয়ে দেয়। এর পাশাপাশি চোখ জ্বালাপোড়া করা, ত্বকের অ্যালার্জি ও দীর্ঘমেয়াদী সাইনোসাইটিসের মতো সমস্যা তো রয়েছেই। সম্প্রতি বার্তা সংস্থা এএফপি’র এক প্রতিবেদনে বিশেষজ্ঞদের বরাতে সতর্ক করা হয়েছে যে, বাংলাদেশে চলমান ভয়াবহ হাম প্রাদুর্ভাবের পর টিকাদানের ঘাটতির কারণে ডিপথেরিয়া, হুপিং কাশি (পারটুসিস) এবং পোলিওর মতো প্রাণঘাতী রোগগুলো আবার নতুন করে ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। প্রসঙ্গত ২০২৪ সালে পরিকল্পিত হামবিরোধী টিকাদান কর্মসূচি অভ্যুত্থান ও রাজনৈতিক অস্থিরতার কারণে পিছিয়ে যায়। ২০২৫ সালের কর্মসূচিও ধর্মঘট ও রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে ব্যাহত হয়। এরপর কর্তৃপক্ষ দেশজুড়ে ব্যাপক টিকাদান কার্যক্রম শুরু করেছে। তবে হাম আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪১২ শিশু। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ১ হাজার ২৫৮ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ১০৫ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ১ হাজার ৩৬৩ শিশু মারা গেছে।
এছাড়া ২৪ ঘণ্টায় ৭৪ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ৩৩৮। এই সময়ে ১ হাজার ২৬০ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ১২৯ শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে গতকাল পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাখ ৬০ হাজার ৫২৮, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৬ হাজার ৩৭৪। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ২ লাখ ৩৩ হাজার ২৫৯ রোগী, যাদের মধ্যে ২ লাখ ২৪ হাজার ২৮৭ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে। হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ, যা কাশি ও হাঁচির মাধ্যমে সহজেই ছড়ায়। এ রোগের নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। এর জটিলতার মধ্যে রয়েছে মস্তিষ্কে প্রদাহ এবং শ্বাসপ্রশ্বাসে গুরুতর সমস্যা। বিশেষ করে ছোট শিশুরা এ রোগে বেশি ঝুঁকিতে থাকে। হুপিং কাশি শিশুদের, বিশেষ করে নবজাতক ও অল্পবয়সী শিশুদের গুরুতর অসুস্থতা এবং মৃত্যুর কারণ হতে পারে। ডিপথেরিয়া শ্বাসনালি বন্ধ করে দিতে পারে এবং হৃৎপিণ্ড ও স্নায়ুর ক্ষতি করতে পারে। অন্যদিকে পর্যাপ্ত টিকা না পাওয়া জনগোষ্ঠীর মধ্যে থেকে উদ্ভূত পোলিও ভাইরাস ছড়িয়ে পড়লে পক্ষাঘাতের ঝুঁকি তৈরি হতে পারে।
আরও পড়ুন: ইউনিভার্সেল মেডিকেলের ‘টপ টেন জিনিয়াস ডক্টরস সম্মাননা ২০২৬’ অনুষ্ঠিত
এএফপি’র প্রতিবেদনে আরও বলা হয়েছে, জরুরি ভিত্তিতে ঝুঁকি কমানোর ব্যবস্থা নেওয়া না হলে বড় আকারে পারটুসিস বা হুপিং কাশি, ডিপথেরিয়া এবং এমনকি টিকা থেকে উদ্ভূত পোলিও ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়া কেবল সময়ের ব্যাপার। পর্যালোচনা প্রতিবেদনে উল্লেখ করা হয়, টিকাদান কর্মসূচিতে কোল্ড চেইন টেকনিশিয়ানের ৫৩ শতাংশ পদ, স্বাস্থ্য সহকারীর ৩৪ শতাংশ পদ এবং সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) সদরদপ্তরের ৪৫ শতাংশ পদ শূন্য রয়েছে। এ ছাড়া তদারকিসংশ্লিষ্ট বিভিন্ন পদে শূন্যতার হার ৩২ থেকে ৪৩ শতাংশের মধ্যে। প্রতিবেদনে টিকাদান কার্যক্রমের পরিকল্পনাগত দুর্বলতার বিষয়টিও তুলে ধরা হয়েছে। স্থানীয় পর্যায়ে সঠিক পরিকল্পনার অভাবে প্রতিবছর বিপুলসংখ্যক যোগ্য শিশু টিকা পায় না। বিশেষ করে, শহরের দরিদ্র জনগোষ্ঠী, সীমান্তবর্তী অঞ্চল এবং দুর্গম এলাকার জনগোষ্ঠী টিকাদান সেবা পেতে বিভিন্ন বাধার মুখে পড়ে।
স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসাবর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতাও প্রতিবেদনে চিহ্নিত করা হয়েছে। অনেক ক্ষেত্রে পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনার মান অনুসরণ করা হচ্ছে না। স্বাস্থ্যসেবা কেন্দ্রে খোলা জায়গায় চিকিৎসাবর্জ্য পোড়ানো এবং ধারালো চিকিৎসা সরঞ্জাম আলাদা না করে ফেলার মতো অনিয়ম দেখা গেছে।
আরও পড়ুন: খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী ও কুমিল্লায় ২০০ শয্যার হাসপাতাল
বেশ কিছু পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়েছে প্রতিবেদনটিতে। এর মধ্যে রয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) একটি টাস্কফোর্সের সরাসরি তত্ত্বাবধানে শূন্য পদগুলোতে দ্রুত জনবল নিয়োগ। একই সঙ্গে টিকাদানের বয়সসীমা-সংক্রান্ত নীতিতে পরিবর্তন আনার সুপারিশ করা হয়েছে। সাধারণ টিকাগুলোর ক্ষেত্রে পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের বাদ পড়া টিকা দেওয়ার সুযোগ তৈরি এবং এইচপিভি টিকার নিয়মিত প্রয়োগ ১০ থেকে ১৪ বছর বয়সীদের মধ্যে সম্প্রসারণের কথা বলা হয়েছে। প্রতিবেদনে ওয়ার্ড পর্যায়ের টিকাদান পরিকল্পনা জরুরি ভিত্তিতে সংশোধনের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। স্থানীয় পর্যায়ের তথ্যের ভিত্তিতে এসব পরিকল্পনা হালনাগাদ করে আগে কোনো টিকা না পাওয়া শিশু এবং নিয়মিতভাবে টিকাদান থেকে বাদ পড়া শিশুদের শনাক্ত করা ও পরে তাদের খুঁজে বের করে টিকার আওতায় আনার ব্যবস্থা করার কথা বলা হয়েছে।
এ ছাড়া দীর্ঘমেয়াদি অর্থায়ন ও কর্মসূচির ধারাবাহিকতা নিশ্চিত করতে ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে গ্যাভি ও পোলিও কর্মসূচির রূপান্তরবিষয়ক হালনাগাদ রোডম্যাপ চূড়ান্ত ও অনুমোদনের সুপারিশ করা হয়েছে। এর মাধ্যমে ২০২৯ সাল এবং পরবর্তী সময়ে টিকাদান কর্মসূচির আর্থিক ও পরিচালনাগত সক্ষমতা বজায় রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।





