সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে বিভাগে হামে ও হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ জনে। একই সময়ে বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন আরও ৭৪ জন সন্দেহভাজন রোগী।
শুক্রবার (২২ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর।
আরও পড়ুন: হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৮৬
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, মারা যাওয়া পাঁচ শিশুর মধ্যে দুজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, দুজন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং একজন সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন মোট ২৮৩ জন রোগী। তবে গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে কোনো রোগী শনাক্ত হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
আরও পড়ুন: হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৫০
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ২২ মে পর্যন্ত সিলেট বিভাগে মোট ১৫৮ জন ল্যাব-নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন। মারা যাওয়া শিশুদের মধ্যে চারজনের শরীরে হাম শনাক্ত হয়েছিল। অন্যদের বিষয়ে এখনো চূড়ান্ত নিশ্চিতকরণ প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আক্রান্ত শিশুদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় ওসমানী মেডিকেলে ২০টি এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৪টি আইসিইউ বেড প্রস্তুত রাখা হয়েছে। রোগীর চাপ বাড়লে প্রয়োজন অনুযায়ী আরও বেড বাড়ানো হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
স্বাস্থ্য বিভাগ জনসাধারণকে শিশুদের টিকাদান নিশ্চিত করার পাশাপাশি হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে।





