৮৯ দিনে হাম ও হামের উপসর্গে মৃত্যু ৬৪৩ জনের, নতুন ভর্তি ১ হাজারের বেশি
দেশে হাম ও হামের উপসর্গজনিত মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও একজন শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে ১২ জুন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪৩ জনে।
শুক্রবার (১২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার হিসাব তুলে ধরা হয়েছে।
আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৬০৮
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মোট মৃত্যুর মধ্যে সন্দেহজনক হামে প্রাণ হারিয়েছে ৫৫১ জন এবং পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম আক্রান্ত হয়ে মারা গেছে ৯২ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৭ জন। একই সময়ে নতুন করে ১২৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
আরও পড়ুন: হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১২ জুন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৪ হাজার ২৬৬ জনে। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১০ হাজার ১৮৫ জন।
এ ছাড়া ১৫ মার্চ থেকে ১২ জুন পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৮ হাজার ৯৩৪ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬৫ হাজার ২৭৫ জন।
সর্বশেষ প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ১৫৩ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা হামের বিস্তার রোধে টিকাদান কর্মসূচি জোরদার, আক্রান্তদের দ্রুত চিকিৎসা নিশ্চিত এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন।





