হরমুজ প্রণালীতে মাইন বসাচ্ছে ইরান, চরম পরিণতির হুমকি ট্রাম্পের

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৫:২৪ পূর্বাহ্ন, ১১ মার্চ ২০২৬ | আপডেট: ৭:০২ পূর্বাহ্ন, ১১ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

 বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালীতে ইরান ইতিমধ্যে মাইন বসানো শুরু করেছে বলে তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। এর আগে গোয়েন্দা প্রতিবেদনে তেহরানের মাইন বসানোর প্রস্তুতির কথা জানানো হলেও নতুন তথ্যে দাবি করা হয়েছে, স্থাপনের কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দুজন গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, গত কয়েক দিনে ইরানি বাহিনী অন্তত কয়েক ডজন মাইন স্থাপন করেছে। তবে তাদের হাতে থাকা মাইন স্থাপনকারী ছোট জাহাজগুলোর মাত্র ২০ শতাংশ এখন পর্যন্ত ব্যবহার করা হয়েছে। ফলে চাইলে ইরান এই প্রণালীতে আরও হাজার হাজার মাইন স্থাপন করে পুরো এলাকাকে মাইনের জালে পরিণত করার সক্ষমতা রাখে।

আরও পড়ুন: হরমুজ প্রণালিতে জাহাজকে নিরাপত্তা দিতে পারছে না মার্কিন নৌবাহিনী: রয়টার্স

মাইন স্থাপনের খবর সামনে আসার পর ইরানকে কঠোর সামরিক পরিণতির হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল–এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরান যদি এই গুরুত্বপূর্ণ জলপথে কোনো মাইন স্থাপন করে থাকে, তবে তা দ্রুত সরিয়ে নিতে হবে।

ট্রাম্পের ওই পোস্ট কিছুটা বিভ্রান্তিও তৈরি করেছে। কারণ সেখানে তিনি একদিকে বলেছেন, ইরান মাইন স্থাপন করেছে—এমন কোনো রিপোর্ট তাদের কাছে নেই। আবার পরক্ষণেই সতর্ক করে বলেছেন, যদি মাইন সরানো না হয়, তাহলে ইরানকে নজিরবিহীন সামরিক পরিণতির মুখোমুখি হতে হবে।

আরও পড়ুন: বাগদাদে মার্কিন দূতাবাসের ক্যাম্পে ড্রোন হামলা

ধারণা করা হচ্ছে, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর কাছ থেকে হরমুজ প্রণালীতে ইরানের মাইন স্থাপনের প্রস্তুতির খবর পাওয়ার পরই ট্রাম্প এ প্রতিক্রিয়া জানান।

পরে তিনি আগের পোস্টটি মুছে নতুন বার্তা যুক্ত করে আবার প্রকাশ করেন। সেখানে ট্রাম্প বলেন, মাদক পাচারকারীদের বিরুদ্ধে যে প্রযুক্তি ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ব্যবহার করা হয়, হরমুজ প্রণালীতে মাইন বসানোর চেষ্টা করা যেকোনো নৌকা বা জাহাজ ধ্বংস করতে একই প্রযুক্তি ব্যবহার করা হবে।