নেপালের সাবেক প্রধানমন্ত্রী ওলি গ্রেপ্তার
জেন-জি আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় তদন্তের অংশ হিসেবে নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি-কে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। শনিবার সকালে রাজধানীতে তার বাসভবন থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, গত বছরের বিক্ষোভে বহু মানুষের প্রাণহানির ঘটনায় তার ভূমিকা ছিল কি না, তা খতিয়ে দেখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ওই আন্দোলনে অন্তত ৭৭ জন নিহত হন বলে জানা যায়।
আরও পড়ুন: চীনে আঘাত হানল শক্তিশালী টাইফুন ‘বাভি’, নিরাপদ আশ্রয়ে ২০ লাখ মানুষ
আন্দোলনটি মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে সীমিত সময়ের নিষেধাজ্ঞার প্রতিবাদ দিয়ে শুরু হলেও পরে তা বড় ধরনের রাজনৈতিক ও অর্থনৈতিক অসন্তোষে রূপ নেয়। প্রথম দিনেই কঠোর দমন-পীড়নে প্রাণহানির ঘটনা ঘটে।
ওলির দল কমিউনিস্ট পার্টি অব নেপাল (ইউএমএল)-এর এক নেতা জানিয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনী সকালে তাকে নিয়ে যায়। পুলিশের পক্ষ থেকেও তার আটক হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আরও পড়ুন: জর্ডান ও কাতারের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
এদিকে সাম্প্রতিক নির্বাচনে জয়ী হয়ে নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন বালেন্দ্র শাহ। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই এই গ্রেপ্তারকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
সরকারি তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সরাসরি গুলি চালানোর নির্দেশের প্রমাণ না মিললেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে প্রাণহানির ঘটনা ঘটেছে।
বিশ্লেষকদের মতে, এই গ্রেপ্তার নেপালের রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা সৃষ্টি করতে পারে এবং সাম্প্রতিক আন্দোলনের প্রভাব আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে।





