দুই মামলায় জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ন, ০৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৫:০৮ অপরাহ্ন, ০৬ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পুলিশের কাজে বাধা ও ভাঙচুরের অভিযোগে দায়ের করা পৃথক দুই মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের (চন্দন কুমার ধর) জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।

রোববার (৬ সেপ্টেম্বর) এ-সংক্রান্ত রুলের শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি কে এম জাহিদ সরওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আরও পড়ুন: ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ২৪ কোম্পানির ৮১.৯২% শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের

আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে শুনানি করেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য। পরে তিনি জামিনের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে পুলিশের কাজে বাধা ও ভাঙচুরের অভিযোগে করা পৃথক দুই মামলায় চিন্ময়কে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। চট্টগ্রামের কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে মামলা দুটি দায়ের করা হয়।

আরও পড়ুন: শেখ হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

ওই দুই মামলায় বিচারিক আদালতে জামিন আবেদন নামঞ্জুর হওয়ার পর হাইকোর্টে আবেদন করেন চিন্ময় কৃষ্ণ দাস। সেই আবেদনের শুনানি শেষে রোববার তাকে জামিন দেন উচ্চ আদালত।

এদিকে, ২০২৪ সালের ৩১ অক্টোবর নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে চট্টগ্রামের কোতোয়ালি থানায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে একটি মামলা করেন। পরে একই বছরের ২৫ নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাসসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।

রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময়ের জামিন আবেদন নামঞ্জুর হওয়ার পর তার অনুসারীদের হট্টগোলকে কেন্দ্র করে ২০২৫ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।

ওই ঘটনায় পরে সাইফুল ইসলামের বাবা বাদী হয়ে হত্যা মামলা করেন। সেই মামলাতেও চিন্ময় কৃষ্ণ দাসকে আসামি করা হয়েছে। তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রয়েছে।