করিমগঞ্জে গভীর রাতে পিকআপে আগুন, ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি

Sadek Ali
‎‎‎এম.এ. কিবরিয়া, ভ্রাম্যমাণ প্রতিনিধি
প্রকাশিত: ১:৫৭ অপরাহ্ন, ২১ অক্টোবর ২০২৬ | আপডেট: ১:২৪ পূর্বাহ্ন, ২২ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কিশোরগঞ্জের করিমগঞ্জে বাড়ির পাশে রাখা একটি জেক পিকআপ (রেজিস্ট্রেশন নং-ঢাকা মেট্রো-ন-১৩-৬৬৯০) গাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। আগুনে গাড়িটির যন্ত্রাংশ পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। এতে আনুমানিক ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

‎‎গত সোমবার (২০ অক্টোবর) উপজেলার কিরাটন ইউনিয়নের গাংপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে বাড়ির লোকজনের ডাক-চিৎকারে ঘুম ভাঙলে গাড়ির মালিক শাহীন দেখতে পান গাড়িটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। পরে তাৎক্ষণিকভাবে স্থানীয় বাসিন্দা মোঃ সুমন (২৮), মোঃ ইসমাইল (২৭) ও আতিবুর মিয়াসহ (৩৬) আশপাশের লোকজন এগিয়ে এসে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে ভেতরের সকল যন্ত্রাংশ পুড়ে ছাই হয়ে যায়।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দী বিএনপি নেতার অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন রাসিক প্রশাসক

‎‎ক্ষতিগ্রস্ত গাড়ির মালিক শাহীন ইসলাম জানান, গাড়িটি ভাড়ায় চালিয়ে কোনোমতে সংসার চালাতেন। একমাত্র উপার্জনের মাধ্যমটি হারিয়ে তিনি এখন সম্পূর্ণ নিঃস্ব ও দিশেহারা হয়ে পড়েছেন। এ বিষয়ে তিনি করিমগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

‎‎এ ঘটনায় কিরাটন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রফিক এই অপকর্ম ও পরিকল্পিত ঘটনার তীব্র নিন্দা জানান এবং জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে সঠিক বিচারের দাবি করেন।

আরও পড়ুন: কুশিয়ারার দুই তীরে বাংলাদেশ-ভারতের মানুষের মিলনমেলা, জকিগঞ্জে দুর্গোৎসবের বিদায়

‎‎এ বিষয়ে করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহেব খান বলেন, "লিখিত অভিযোগের প্রেক্ষিতে পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে দেখছে। নিরপেক্ষ ও সঠিক তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"