নির্বাচনে অবহেলা করলে জবাবদিহি ও শাস্তি: প্রধান উপদেষ্টার প্রেস সচিব
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচন পরিচালনায় দায়িত্বে থাকা ব্যক্তিরা যদি অবহেলা করেন, তাদের বিরুদ্ধে জবাবদিহি আরোপ করা হবে এবং প্রয়োজনীয় শাস্তি প্রদান করা হবে।
বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে শফিকুল আলম এ কথা জানান। তিনি বলেন, “নির্বাচন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এর স্বচ্ছতা ও সুষ্ঠুতা নিশ্চিত করতে যারা দায়িত্বে থাকবেন, তাদের দায়িত্বশীলতা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।”
আরও পড়ুন: নভেম্বরের শেষে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু
তিনি আরও জানান, সরকার নির্বাচন কমিশন বিশেষ বিধান-১৯৯১-এর সংস্কারের অনুমোদন দিয়েছে। এতে অবহেলাকারীদের জন্য জবাবদিহি ও শাস্তির বিধান অন্তর্ভুক্ত রয়েছে।
সংস্কার বিষয়ে তিনি জানান, প্রথম দফায় মোট ১২১টি সংস্কার বাস্তবায়নের কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে অতি গুরুত্বপূর্ণ ৭৭টি সংস্কার চিহ্নিত করে বাস্তবায়ন চলছে।
আরও পড়ুন: মোহাম্মদপুর চার রাস্তার মোড়ে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ
প্রেস সচিব শফিকুল আলম বলেন, “প্রাতিষ্ঠানিকভাবে ট্রেজারি বন্ডের ওপর আরোপিত ভ্যাট বাড়ানোর জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রস্তাবিত একটি আইনি সংশোধনীরও অনুমোদন দিয়েছে সরকার।”
রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান আলোচনার প্রসঙ্গে তিনি জানান, সরকার ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং আশা করছে আলোচনার মাধ্যমে রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এবং সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।





