যুক্তরাজ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪ ব্রিটিশ বাংলাদেশির মৃত্যু

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:১৩ পূর্বাহ্ন, ১৩ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১:৩২ পূর্বাহ্ন, ০৫ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

যুক্তরাজ্যের ম্যানচেস্টারের বোল্টনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন সিলেটি তরুণ ও এক ট্যাক্সিচালকসহ চার ব্রিটিশ বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার (১১ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটে বোল্টনের উইগান রোডে এই দুর্ঘটনা ঘটে।

লন্ডন থেকে সাংবাদিক মশাহিদ আলী জানান, একটি লাল রঙের সিট লিওন গাড়ির সঙ্গে সিট্রয়েন সি-৪ মডেলের একটি ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় দুটি গাড়িই দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হন, যাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: জ্বালানি সংকটের আশঙ্কা: ব্যক্তিগত যানবাহন কমিয়ে গণপরিবহণ ব্যবহারের আহ্বান

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত তিন তরুণ সিট লিওন গাড়িতে ছিলেন। বোল্টন কাউন্সিল অব মস্ক (বিসিওএম) নিহতদের পরিচয় নিশ্চিত করেছে। তারা হলেন— মোহাম্মদ জিবরায়েল মুখতার, ফারহান প্যাটেল এবং মুহাম্মদ দানিয়াল আসগর আলী। নিহত তিনজনের বয়স ১৮ থেকে ১৯ বছরের মধ্যে এবং তাদের গ্রামের বাড়ি সিলেট জেলায়।

দুর্ঘটনায় নিহত অপর ব্যক্তি হলেন ট্যাক্সিচালক মোসরাব আলী। তার বয়স ৫০-এর কোঠায় বলে জানা গেছে।

আরও পড়ুন: স্বাস্থ্যকেন্দ্রভিত্তিক বাধ্যতামূলক নিবন্ধন চালুর সুপারিশ সাংবাদিক কর্মশালায়

এই দুর্ঘটনার পর ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বোল্টন কাউন্সিলের কাউন্সিলর আইয়ুব প্যাটেল ঘটনাটিকে পুরো কমিউনিটির জন্য এক অপূরণীয় ক্ষতি হিসেবে উল্লেখ করে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এদিকে গ্রেটার ম্যানচেস্টার পুলিশের (জিএমপি) সিরিয়াস কলিশন ইনভেস্টিগেশন ইউনিট দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, উইগান রোডে স্থাপিত সিসিটিভি ক্যামেরায় দুর্ঘটনার দৃশ্য ধারণ হয়েছে। ঘটনার সময়কার কোনো ড্যাশক্যাম ফুটেজ বা প্রত্যক্ষদর্শীর তথ্য থাকলে পুলিশকে তা জানানোর আহ্বান জানানো হয়েছে।