বিদেশে অবস্থানরত হাইকোর্ট বিচারপতি মামনুন রহমানের পদত্যাগ
বিদেশে অবস্থানরত অবস্থায় ব্যক্তিগত কারণ দেখিয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমান পদত্যাগ করেছেন। তিনি গত এক বছরের বেশি সময় ধরে বিচারিক কার্যক্রমের বাইরে ছিলেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির উদ্দেশে পাঠানো তার পদত্যাগপত্রটি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল এবং আইন মন্ত্রণালয়ের ই-মেইলে পৌঁছেছে। জানা গেছে, কানাডা থেকে এই পদত্যাগপত্র পাঠান বিচারপতি মামনুন রহমান। পারিবারিক সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।
আরও পড়ুন: স্কুলকেন্দ্রিক যানজট কমাতে বিকল্প ব্যবস্থা খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী বলেন, বিচারপতি মামনুন রহমানের পদত্যাগপত্রটি রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠানো হয়েছে।
সূত্র জানায়, বিনা ছুটিতে এক বছরেরও বেশি সময় কর্মস্থলে অনুপস্থিত থাকায় তার বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য রাষ্ট্রপতির কাছে প্রতিবেদন পাঠিয়েছিল সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল।
আরও পড়ুন: আরো ১৪ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
এর আগে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে রাষ্ট্রপতি হাইকোর্ট বিভাগের তিনজন বিচারপতিকে অপসারণ করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর হাইকোর্ট বিভাগের ১২ জন বিচারপতিকে ছুটিতে পাঠানো হয়। তাদের মধ্যে ৯ জন বর্তমানে আর দায়িত্বে নেই—কেউ সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের তদন্ত শেষে বাধ্যতামূলক অবসরে গেছেন, কেউ স্বেচ্ছায় পদত্যাগ করেছেন, আবার কেউ অবসরে চলে গেছেন। বাকি তিনজন বিচারপতি পদে থাকলেও বর্তমানে বেঞ্চে দায়িত্ব পালন করছেন না।
এ ছাড়া সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলে অভিযোগ দাখিল হওয়ায় চলতি মাসে বিচারপতি এম আর হাসানকে ছুটিতে পাঠানো হয়েছে। ছুটিতে পাঠানো মোট ১৩ জন বিচারপতির বাইরে হাইকোর্ট বিভাগের আরও দুইজন বিচারপতি স্বেচ্ছায় কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তাদের একজন ছিলেন বিচারপতি মামনুন রহমান।





