রাজনীতিবিদ ও সাংবাদিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর দুই ইফতার মাহফিল বাতিল
রাজনীতিবিদ ও সাংবাদিকদের সম্মানে আয়োজিত প্রধানমন্ত্রী তারেক রহমানের পূর্বনির্ধারিত দুটি ইফতার মাহফিল বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, রাজনীতিবিদদের সম্মানে ৮ মার্চ এবং গণমাধ্যমের সাংবাদিকদের সম্মানে ১০ মার্চ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইফতার মাহফিল দুটি বাতিল করা হয়েছে।
তবে কূটনীতিক এবং এতিম ও আলেম-উলামাদের সম্মানে আয়োজিত দুটি ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। আগামী ৬ মার্চ ও ৭ মার্চ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান এ বছর জাঁকজমকপূর্ণ ইফতার আয়োজন এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছেন। দেশের বর্তমান সামগ্রিক অবস্থা বিবেচনায় নিয়ে তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
আরও পড়ুন: বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারের ১১ দফা নির্দেশনা
প্রতিবছর রাষ্ট্রীয়ভাবে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়ে থাকে। তবে এবার প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর তারেক রহমান নিজ বাসভবনে পরিবারের সদস্যদের সঙ্গে ইফতার করছেন বলে জানানো হয়েছে।





