ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে ১৪ মার্চ থেকে সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান
ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগ থেকে জনগণকে সুরক্ষা দিতে আগামী ১৪ মার্চ থেকে সারাদেশে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান শুরু করছে সরকার। এ উপলক্ষে বুধবার (১১ মার্চ ) দেশবাসীর উদ্দেশে দেওয়া এক বিশেষ ভিডিও বার্তায় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মরণঘাতী রোগ মানুষের প্রাণহানির কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে সবাই সচেতন হলে এ ধরনের রোগ থেকে নিজেদের রক্ষা করা সম্ভব। তিনি উল্লেখ করেন, বিশেষজ্ঞদের মতে এডিস মশার কামড়ের মাধ্যমে মানুষ ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়, তাই আগে থেকেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া জরুরি।
আরও পড়ুন: স্পিকার-ডেপুটি স্পিকার বাছাইয়ে প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিল সরকারি দল
প্রধানমন্ত্রী বলেন, সাধারণত জুন থেকে অক্টোবর পর্যন্ত বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বেশি দেখা গেলেও বর্তমানে এটি নির্দিষ্ট কোনো মৌসুমে সীমাবদ্ধ নেই। পরিষ্কার পানিতে জমে থাকা স্থানে এডিস মশা জন্মায় এবং মাত্র তিন দিন পানি জমে থাকলেই সেখানে মশার প্রজনন হতে পারে।
তিনি জানান, মশার প্রজনন নিয়ন্ত্রণে ড্রেন, ডোবা, নর্দমা ও যেসব স্থানে পানি জমে থাকার সুযোগ রয়েছে সেগুলো নিয়মিত পরিষ্কার রাখা সবচেয়ে কার্যকর উপায়। এ ছাড়া ফুলের টব, ড্রাম, বালতি, পরিত্যক্ত টায়ার, বাসার ছাদ বা আঙিনায় পানি জমে থাকতে না দেওয়ার পাশাপাশি পানির ট্যাংক ঢেকে রাখার পরামর্শ দেন তিনি।
আরও পড়ুন: অর্থ পাচারে জড়িত শীর্ষ ১০ শিল্প গ্রুপের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ার নির্দেশ
প্রধানমন্ত্রী আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতাই সবচেয়ে কার্যকর উপায়। তাই আসন্ন বর্ষা মৌসুমের আগেই ১৪ মার্চ থেকে প্রতি সপ্তাহে সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। এই কর্মসূচি বাস্তবায়নে স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এ সময় তিনি জাতীয় সংসদ সদস্যসহ সব জনপ্রতিনিধির প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনগণকে সঙ্গে নিয়ে প্রতি শনিবার নিজ নিজ এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে হবে। নিয়মিত এই কার্যক্রম চালু থাকলে ভবিষ্যতে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো রোগের ঝুঁকি অনেকটাই কমে আসবে।
প্রধানমন্ত্রী বলেন, সরকারের জাতীয় স্বাস্থ্যনীতির অন্যতম মূলনীতি হলো— ‘প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর’, অর্থাৎ প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম। তাই সবাইকে নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও ময়লা পানি জমে থাকতে না দেওয়ার আহ্বান জানান তিনি।





