সৌদি আরবে থাকা ২২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট প্রদান: স্বরাষ্ট্রমন্ত্রী

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ন, ২০ এপ্রিল ২০২৬ | আপডেট: ২:২৩ অপরাহ্ন, ২১ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সৌদি আরবে অবস্থানরত রোহিঙ্গাদের মধ্যে এ পর্যন্ত ২২ হাজার জনকে বাংলাদেশি পাসপোর্ট প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (২০ এপ্রিল) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ তথ্য জানান।

আরও পড়ুন: মোহাম্মদপুর চার রাস্তার মোড়ে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ

বৈঠকে দুই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা সহযোগিতা, রোহিঙ্গাদের পাসপোর্ট প্রদান, পর্যটন ও জ্বালানি খাতে সৌদি বিনিয়োগ বৃদ্ধি—এমন বিভিন্ন পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠক সূত্রে জানা যায়, সৌদি আরবে অবস্থানরত প্রায় ৬৯ হাজার মিয়ানমার নাগরিক (রোহিঙ্গা) বিষয়ে পাসপোর্ট ইস্যুর অগ্রগতি নিয়ে আলোচনা করেন রাষ্ট্রদূত আবদুল্লাহ জাফর। তিনি প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন: রিয়াদ বিমানবন্দরে হুথিদের প্রাণঘাতী হামলায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ

এ প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, যাচাইযোগ্য তথ্য-প্রমাণের ভিত্তিতে ইতোমধ্যে ২২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হয়েছে। বাকি আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বাংলাদেশ থেকে একটি বিশেষ টিম পাঠানো হয়েছে।

মন্ত্রী বলেন, “যাদের প্রয়োজনীয় নথিপত্র রয়েছে এবং যারা নির্ধারিত শর্ত পূরণ করেছেন, তাদের দ্রুত পাসপোর্ট দেওয়া হবে। তবে পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি সৌদি আরব থেকে প্রাপ্ত পূর্ণাঙ্গ তালিকা পুনরায় যাচাই-বাছাই করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।

এ সময় নতুন দায়িত্ব গ্রহণ করায় স্বরাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানান সৌদি রাষ্ট্রদূত।

বৈঠকে মন্ত্রী আরও বলেন, সৌদি আরব বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু ও ভ্রাতৃপ্রতিম দেশ। জনশক্তি রপ্তানির পাশাপাশি জ্বালানি ও পর্যটন খাতে বিনিয়োগ বৃদ্ধির ব্যাপক সম্ভাবনা রয়েছে। এসব খাতে সহযোগিতা জোরদারের আহ্বান জানান তিনি।