আইনি জটিলতায় আটকে আছে একটি আসন

রোববার রাতে শপথ নেবেন ৪৯ জন নারী এমপি

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ন, ০২ মে ২০২৬ | আপডেট: ৬:৫৯ অপরাহ্ন, ০২ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচিত ৪৯ জন সদস্য রোববার (৩ মে) শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন।

জাতীয় সংসদ সচিবালয় শনিবার জানিয়েছে, রাত ৯টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। 

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ধানমণ্ডি ও গুলশান লেকের সংস্কার ও উন্নয়ন এবং এসটিপি-সংক্রান্ত বৈঠক

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ জন নবনির্বাচিত সদস্য রোববার শপথগ্রহণের মধ্য দিয়ে সংসদে আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে যাচ্ছেন। নির্বাচন কমিশন গত ২৯ এপ্রিল তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে এবং পরদিন গেজেট প্রকাশের মাধ্যমে বিষয়টি চূড়ান্ত করে।

গেজেট অনুযায়ী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে সর্বাধিক ৩৬ জন নারী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তারা হলেন—

আরও পড়ুন: ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মৎ ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আরা আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা এবং রেজেকা সুলতানা।

অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ১১ দলীয় জোট থেকে নির্বাচিত ১২ জন হলেন—

নুরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন্নাহার মুন্নী, নাজমুন নাহার নীলু, মাহফুজা হান্নান, সাজেদা সামাদ, শামছুন্নাহার বেগম, ইঞ্জি. মারদিয়া মমতাজ, রোকেয়া বেগম, ডা. মাহমুদা আলম মিতু, তাসমিয়া প্রধান ও ইঞ্জি. মাহবুবা হাকিম।

এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে সুলতানা জেসমিনকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার তথ্যমতে, মোট ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই-বাছাই শেষে ৪৯ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয় এবং তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

তবে এই নির্বাচনকে ঘিরে আইনি জটিলতা ও বিতর্কও কম ছিল না। এনসিপি সমর্থিত প্রার্থী নুসরাত তাবাসসুম জ্যোতির মনোনয়ন নির্ধারিত সময়ের ১৯ মিনিট পরে জমা দেওয়ায় তা বাতিলের প্রশ্ন ওঠে। পরবর্তীতে আদালতের নির্দেশনায় তার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়, যা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

অন্যদিকে একই দলের প্রার্থী মনিরা শারমিনের মনোনয়ন বাতিলের বিষয়টি এখনো বিচারাধীন রয়েছে। ফলে সংশ্লিষ্ট একটি সংরক্ষিত আসনের গেজেট প্রকাশ আটকে আছে।