দূষিত বাতাসে আবারও শীর্ষে ঢাকা, বিশ্ব তালিকায় দ্বিতীয় অবস্থান
বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় আবারও শীর্ষ অবস্থানের দিকে উঠে এসেছে রাজধানী ঢাকা। সাম্প্রতিক বৃষ্টিপাতের কারণে কিছু সময়ের জন্য বায়ুমানে উন্নতি দেখা গেলেও সেই স্বস্তি বেশিদিন স্থায়ী হয়নি।
মঙ্গলবার সকালে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের প্রকাশিত তালিকায় ঢাকার অবস্থান ছিল দ্বিতীয়। এ সময় রাজধানীর বায়ুমানের সূচক ছিল ১৭৮, যা জনস্বাস্থ্যের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।
আরও পড়ুন: নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, গভীর শোক প্রধানমন্ত্রীর তারিক রহমানের
একই সময়ে ৩০০ একিউআই স্কোর নিয়ে তালিকার শীর্ষে ছিল পাকিস্তানের লাহোর। এছাড়া ১৬০ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে ছিল উগান্ডার রাজধানী কাম্পালা। ভারতের দিল্লি ১৫৫ স্কোর নিয়ে চতুর্থ এবং নেপালের কাঠমান্ডু ১৫২ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোর ভালো বায়ুমান নির্দেশ করে। ৫১ থেকে ১০০ স্কোর মাঝারি হিসেবে ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয়।
আরও পড়ুন: বম্বে সুইটসের পাঁচ মসলাসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
অন্যদিকে ১৫১ থেকে ২০০ স্কোর হলে তা সাধারণ মানুষের জন্যও অস্বাস্থ্যকর পর্যায়ে পড়ে। ২০১ থেকে ৩০০ স্কোরকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। এ অবস্থায় শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্ট বা অন্যান্য রোগে আক্রান্ত ব্যক্তিদের ঘরের বাইরে কম বের হওয়ার পরামর্শ দেওয়া হয়।
বিশেষজ্ঞরা বলছেন, রাজধানীতে নির্মাণকাজের ধুলা, যানবাহনের ধোঁয়া এবং অপরিকল্পিত নগরায়ণ বায়ুদূষণ বৃদ্ধির অন্যতম কারণ।





