গাজীপুরে সহিংসতা আহত-১০,৫ কারখানায় হামলা-ভাঙচুর, বন্ধ ৮৫ কারখানা

Shahrier Islam Pallab
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ন, ২৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ৭:৪৮ অপরাহ্ন, ২৫ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের পরও গাজীপুরে শ্রমিক অসন্তোষ থামেনি। বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া এবং কারখানায় হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে বিজিবি, পুলিশ ও আনসার সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে বুধবারের জন্য ৫০টি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ৩৫টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল থেকে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস, মালেকেরবাড়ি, সালনা, নাওজোড়, তিনসড়ক এবং শ্রীপুরের হোতাপাড়াসহ বিভিন্ন এলাকার পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও ঢাকা-গাজীপুর সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে গুরুত্বপূর্ণ এসব সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহন শ্রমিকরা।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে বিএনপি নেতার পিকআপে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

সকাল সাড়ে ১০টার দিকে সালনা এলাকায় আশপাশের কয়েকটি কারখানার কয়েক হাজার শ্রমিক লাঠিসোঁটা নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কাঠ, বাঁশ ও পাথর ফেলে অবরোধ করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। শ্রমিকদের হামলায় তিনজন বিজিবি সদস্য, পাঁচজন পুলিশ সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্তত ১০ সদস্য আহত হন। পরে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। দুপুর ১২টার দিকে ওই মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

একই সময়ে মহানগরের মালেকেরবাড়ি এলাকায়ও শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে এক পুলিশ সদস্যের মাথা ফেটে যায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করেন। আহতদের গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রবেশ নিয়ন্ত্রিত

এদিকে শ্রীপুরে শ্রমিক অসন্তোষের পাশাপাশি বিভিন্ন কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার সকাল ৯টার দিকে বৈরাগীরচালা এলাকার হ্যামস গার্মেন্টস, ভিক্টোরিয়া গার্মেন্টস ও লাক্সমা ইনওয়্যার লিমিটেড এবং কেওয়া দক্ষিণ খণ্ড এলাকার ফখরুদ্দিন টেক্সটাইল ও নোমান হোম টেক্সটাইলে দলবদ্ধ হয়ে হামলা চালায় একদল যুবক। তাদের মধ্যে কয়েকটি কারখানার গেটে ভাঙচুর ও ভেতরে প্রবেশ করে মালামাল ক্ষতিগ্রস্ত করার ঘটনা ঘটে।

ফখরুদ্দিন টেক্সটাইল মিলের নিরাপত্তা ইনচার্জ তানভীর আহমেদ জানান, বুধবার কারখানাটি বন্ধ ছিল। সকাল থেকে হঠাৎ বেশ কয়েকজন যুবক প্রধান ফটকে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং ভাঙচুরের চেষ্টা চালায়। কারখানার নিজস্ব নিরাপত্তাকর্মীরা প্রথম দফায় তাদের প্রতিহত করেন। পরে সকাল সাড়ে ১০টার দিকে তারা আবারও হামলা চালিয়ে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের ধাওয়া দিলে তারা পুলিশকে লক্ষ্য করেও ইটপাটকেল ছোড়ে। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে।

অন্যদিকে হ্যামস গার্মেন্টসের গেটে হামলার পাশাপাশি কারখানার ভেতরে ঢুকে ভাঙচুর করা হয়। ভিক্টোরিয়া গার্মেন্টসের গেটে অবস্থান নিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা চালানো হয়। ব্যর্থ হয়ে তারা গেটে ভাঙচুর করে। পাশের লাক্সমা ইনওয়্যার লিমিটেডের ভেতরেও ঢুকে ভাঙচুর চালানো হয়। নোমান হোম টেক্সটাইলের গেটেও ভাঙচুরের ঘটনা ঘটে।

হ্যামস গার্মেন্টসের মানবসম্পদ বিভাগের জিএম মাহফুজুর রহমান জানান, কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটেছে। ক্ষয়ক্ষতির বিস্তারিত খোঁজখবর নিয়ে জানানো হবে।

গাজীপুর জেলা পুলিশের কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার শফিকুল আলম বলেন, যারা বিভিন্ন কারখানার গেটে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, তাদের অনেকেই শ্রমিক নয়, বহিরাগত যুবক। পুলিশ সতর্ক অবস্থানে থাকায় তারা বেশিক্ষণ অবস্থান করতে পারেনি। বর্তমানে শ্রীপুর শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কেও যানবাহন চলাচল করছে।

গাজীপুর শিল্প পুলিশের সুপার মো. আমজাদ হোসাইন জানান, শ্রমিকদের হামলা ও ইটপাটকেলের আঘাতে তিনজন বিজিবি সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১০ জন সদস্য আহত হয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে গাজীপুরের বিভিন্ন এলাকার ৫০টি কারখানা বুধবারের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া এ পর্যন্ত ৩৫টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।

###