রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যে শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় পাঁচ থেকে সাত দিনের মধ্যে বিচার কার্যক্রম শেষ হতে পারে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে তিনি বলেন, বিচার সম্পন্ন হওয়ার বিষয়টি সম্পূর্ণ আদালতের এখতিয়ারভুক্ত।
সোমবার (২৫ মে) দুপুরে সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: মন্ত্রীর নির্দেশনাও মানছে না পরিবার পরিকল্পনা অধিদপ্তর
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সমাজে নৈতিক ও সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে এ ধরনের অপরাধ বাড়ছে। ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধভিত্তিক সামাজিক সচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি বলেন, সরকার হিসেবে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করাই প্রধান লক্ষ্য। সাম্প্রতিক ঘটনাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নিতে সক্ষম হয়েছে বলেও দাবি করেন তিনি।
আরও পড়ুন: রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন
মন্ত্রী জানান, রামিসা হত্যা মামলার প্রধান অভিযুক্তকে ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে তার স্ত্রীর সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর তাকেও গ্রেপ্তার করা হয়।
সালাহউদ্দিন আহমদ বলেন, আদালতের অনুমতি নিয়ে দ্রুত ডিএনএ পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। তিন দিনের মধ্যে রিপোর্ট পাওয়া গেছে এবং পোস্টমর্টেম রিপোর্টও হাতে এসেছে। এসব তথ্য-প্রমাণ একত্র করে চার্জশিট প্রস্তুতের কাজ শেষ হয়েছে।
তিনি আরও জানান, মামলাটি পরিচালনার জন্য সরকার বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) নিয়োগ দিয়েছে। আদালতের ছুটির মধ্যেও বিচার কার্যক্রম চালিয়ে নেওয়ার বিষয়ে প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ। সংলাপে সভাপতিত্ব করেন বিএসআরএফ সভাপতি মাসউদুল হক এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।





