বৃষ্টিমুখর দিনে উচ্ছ্বসিত নেতাকর্মীরা

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

Sadek Ali
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১১:৪৫ পূর্বাহ্ন, ১৩ জুন ২০২৬ | আপডেট: ১১:৪৫ পূর্বাহ্ন, ১৩ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কক্সবাজার সফরে পৌঁছেছেন তারেক রহমান। শনিবার (১৩ জুন) সকালে বেসরকারি বিমান সংস্থার একটি ফ্লাইটে তিনি সপরিবারে কক্সবাজারে আসেন। তার আগমনকে কেন্দ্র করে জেলা জুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে নির্ধারিত সময়ের কিছু পর কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী। সেখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বিমানবন্দরের বাইরে অবস্থান নেওয়া বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও স্লোগান ও করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান।

আরও পড়ুন: জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ: শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সফরের শুরুতেই কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে গিয়ে ঐতিহাসিক পাতলীখাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে আয়োজিত এক পথসভায়ও অংশ নেওয়ার কথা রয়েছে তার।

দিনের কর্মসূচির অংশ হিসেবে চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। পাশাপাশি পার্কের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমও পরিদর্শন করবেন।

আরও পড়ুন: সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

এরপর পেকুয়া উপজেলায় জুলাই আন্দোলনের শহীদ মো. ওয়াসিমের কবর জিয়ারত এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। পরে নবগঠিত মাতামুহুরী উপজেলা ও পেকুয়া পৌরসভার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশ নেবেন।

বিকেলে চকরিয়া পৌর বাস টার্মিনাল এলাকায় আয়োজিত এক রাজনৈতিক জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। জনসভা শেষে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক ও সমুদ্রসৈকত এলাকা পরিদর্শন করবেন তিনি।

সন্ধ্যায় কক্সবাজার শহরের একটি হোটেলে সুধী সমাবেশে অংশ নিয়ে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। রাতেই ঢাকায় ফেরার কথা রয়েছে তার।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সকাল থেকেই কক্সবাজার বিমানবন্দর ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি দেখা যায়। বৃষ্টিপাত উপেক্ষা করে ভোর থেকেই তারা বিমানবন্দর এলাকায় জড়ো হন। দীর্ঘদিন পর তারেক রহমানের কক্সবাজার সফর হওয়ায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বাড়তি উৎসাহ লক্ষ্য করা গেছে।

সফর উপলক্ষে সরকারের একাধিক মন্ত্রী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও কক্সবাজারে অবস্থান করছেন। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পর্যটন, পরিবেশ সংরক্ষণ, অবকাঠামো উন্নয়ন এবং স্থানীয় জনসম্পৃক্ততা—সব মিলিয়ে প্রধানমন্ত্রীর এই সফর কক্সবাজারের জন্য তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।