ইতালিতে ছুরিকাঘাতে বাংলাদেশি পরিবারের ৩ সদস্য নিহত, আহত ছেলে

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:৪৩ পূর্বাহ্ন, ২৭ জুন ২০২৬ | আপডেট: ২:৫৩ অপরাহ্ন, ৩০ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইতালির রাজধানী রোমে দুষ্কৃতিকারীর ছুরিকাঘাতে এক বাংলাদেশি পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন পরিবারের আরও একজন সদস্য।

শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় রাত ৯টার দিকে রোমের পশ্চিমাঞ্চলের পিনেতা সাচেত্তি সংলগ্ন ভিয়া মন্তিগ্লো এলাকার একটি আবাসিক অ্যাপার্টমেন্টে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, গভীর শোক প্রধানমন্ত্রীর তারিক রহমানের

নিহতদের মধ্যে পরিবারের কর্তা কামাল হোসেনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাঁর গ্রামের বাড়ি বাংলাদেশের নোয়াখালী জেলার বসুরহাটে। তিনি দীর্ঘদিন ধরে সপরিবারে ইতালিতে বসবাস করছিলেন।

নিহত অপর দুইজন হলেন কামাল হোসেনের স্ত্রী এবং পাঁচ বছর বয়সী কন্যাসন্তান। হামলায় গুরুতর আহত হয়েছেন তাঁদের ১৮ বছর বয়সী বড় ছেলে। তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।

আরও পড়ুন: বম্বে সুইটসের পাঁচ মসলাসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, ওই রাতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি অস্ত্র হাতে ফ্ল্যাটে প্রবেশ করে পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। হামলাকারীর ছুরিকাঘাতে ঘটনাস্থলেই কামাল হোসেন, তাঁর স্ত্রী এবং পাঁচ বছর বয়সী কন্যা নিহত হন।

এ সময় বড় ছেলে হামলাকারীকে বাধা দেওয়ার চেষ্টা করলে তাকেও ছুরিকাঘাত করা হয়। আহত অবস্থায় তিনি সাহায্যের জন্য ফ্ল্যাট থেকে বের হওয়ার চেষ্টা করলে প্রতিবেশীরা পুলিশে খবর দেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ, অ্যাম্বুলেন্স এবং ইতালির বিশেষ পুলিশ বাহিনী কারাবিনিয়েরির সদস্যরা পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেন। আহত যুবককে রক্তাক্ত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসকদের বরাত দিয়ে ইতালীয় সংবাদমাধ্যম জানিয়েছে, তাঁর অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং তিনি আশঙ্কামুক্ত।

ঘটনার পর পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করে অভিযান শুরু করেছে রোম পুলিশ। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং হামলাকারীকে গ্রেপ্তারে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে।

ইতালীয় পুলিশের বিশেষ তদন্ত ইউনিট এবং ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড, ডাকাতি নাকি ব্যক্তিগত শত্রুতার জেরে সংঘটিত হয়েছে—তা খতিয়ে দেখা হচ্ছে। আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘাতককে শনাক্তের চেষ্টা চলছে।

স্থানীয় বাংলাদেশি কমিউনিটি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত ঘাতককে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

রোম পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেন, “এটি একটি মর্মান্তিক ও নৃশংস অপরাধ। অপরাধীকে গ্রেপ্তারে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত চালাচ্ছি।”

ইতালীয় আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তদন্তের স্বার্থে নিহতদের পরিচয় ও মামলার বিস্তারিত তথ্য এখনই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হচ্ছে না। তদন্তে অগ্রগতি হলে পরে বিস্তারিত জানানো হবে।