স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু করতে ইসির প্রস্তুতি শুরু: সংসদে মির্জা ফখরুল

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ন, ৩০ জুন ২০২৬ | আপডেট: ৫:০৮ অপরাহ্ন, ৩০ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যে তাদের প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদের অধিবেশনে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলামের প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য জানান। মির্জা ফখরুল বলেন, নির্ধারিত সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনের প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি রয়েছে।

আরও পড়ুন: এইচএসসি পরীক্ষা : কেন্দ্রের ২০০ গজে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ

অধিবেশনে এনসিপির সংসদ সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহর অপর এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে নির্বাচন কমিশন প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট প্রদানের জন্য রেজিস্ট্রেশন পদ্ধতি চালু করেছে। এই বিশেষ উদ্যোগটি আগামী জাতীয় নির্বাচনেও বহাল থাকবে। এর পাশাপাশি সর্বোচ্চ সংখ্যক প্রবাসী বাংলাদেশিকে এই পোস্টাল ব্যালট পদ্ধতির আওতায় নিয়ে আসতে নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে।

এদিকে গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য আবদুল করিমের প্রশ্নের জবাবে মন্ত্রী পরিষ্কার জানিয়ে দেন যে, এই মুহূর্তে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের বেতন বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের কাছে নেই।

আরও পড়ুন: জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস

জেলা পরিষদ প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে তিনি জানান, জেলা পরিষদ আইন, ২০০০ অনুযায়ী এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ৬৫ অনুচ্ছেদের অধীনে নির্বাচিত কোনো জেলার সংসদ সদস্যগণ সংশ্লিষ্ট জেলা পরিষদের উপদেষ্টা হিসেবে গণ্য হবেন। একই সাথে তারা উক্ত পরিষদের কার্যাবলী সম্পাদনের ক্ষেত্রে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবেন।