মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর
সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডের মামলায় দণ্ডিত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন নজরুল ইসলাম আবদুল বশীর ও সিতি আক্তার।
আরও পড়ুন: কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, মক্কার একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নিরাপত্তা বাহিনী তাঁদের গ্রেপ্তার করে। তদন্ত শেষে তাঁদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হয়। পরে মামলাটি বিচারিক আদালতে পাঠানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মামলার বিচার শেষে আদালত তাঁদের মৃত্যুদণ্ড দেন। পরবর্তী সময়ে উচ্চতর কর্তৃপক্ষ সেই রায় বহাল রাখে। এরপর রাজকীয় ফরমানের ভিত্তিতে সাজা কার্যকরের নির্দেশ দেওয়া হয়। বুধবার মক্কা অঞ্চলে তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
আরও পড়ুন: টঙ্গীতে অগ্নিকাণ্ডের পর ড্রাগ ইন্টারন্যাশনালের ইউনিট-২ বন্ধ ঘোষণা
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশের নিরাপত্তা বজায় রাখা, বিচার নিশ্চিত করা এবং মসজিদের পবিত্রতা ক্ষুণ্ন করে এমন অপরাধের বিরুদ্ধে ইসলামি শরিয়াহ অনুযায়ী ব্যবস্থা নিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।





