শনিবার সকল সরকারি অফিস-ব্যাংক-শেয়ারবাজার খোলা

Shahrier Islam Pallab
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ন, ১৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ৬:৪৭ অপরাহ্ন, ১৬ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটি নিশ্চিত করতে আগামী ২২ অক্টোবর সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। তবে এ ছুটির সমন্বয়ে ১৭ অক্টোবরের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। ফলে ওই দিন সরকারি অফিসের পাশাপাশি ব্যাংক, শেয়ারবাজার, আর্থিক প্রতিষ্ঠান ও আদালতও খোলা থাকবে।

এ বিষয়ে গত ৭ অক্টোবর প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

আরও পড়ুন: সর্বোচ্চ মণ্ডপ, বরাদ্দ, ছুটি ও নিরাপত্তায় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

এতে বলা হয়, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ হতে ২২ অক্টোবর যথাক্রমে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ছুটি থাকবে। আগামী ১৭ অক্টোবর শনিবার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা থাকবে।

এর আগে, গত ৫ অক্টোবর সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে সরকারি ছুটির তারিখ পুনর্নির্ধারণের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

আরও পড়ুন: প্রশ্নফাঁস চক্রের ৭ সদস্যের ৫ জনই সরকারি চাকরিজীবী, কারা তারা?

খোলা থাকায় শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও অফিস করবেন চাকরিজীবীরা। সচিবালয় সহ সব সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস করবেন। এছাড়া ব্যাংক, শেয়ারবাজার, আর্থিক প্রতিষ্ঠান এবং আদালতও খোলা থাকবে।

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর (মঙ্গলবার) মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে এবং ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি ছিল। ২২ অক্টোবর অফিস খোলা ছিল। ওইদিনও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা প্রস্তাব অনুমোদন দেয় মন্ত্রিসভা। ফলে এই তিনদিনের পূজার ছুটির পর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা পাঁচ দিনের (২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত) ছুটি ভোগের সুযোগ তৈরি হয়েছে।