ভারতের নির্বাচন কমিশনারের পদত্যাগ কেন চাইছেন আন্দোলনকারীরা?

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২:৪২ অপরাহ্ন, ১০ অক্টোবর ২০২৬ | আপডেট: ৪:৩০ পূর্বাহ্ন, ১১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভারতের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) কার্যক্রম ঘিরে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। বিরোধী দলগুলোর অভিযোগ, এ প্রক্রিয়ার কারণে কয়েক কোটি যোগ্য ভোটার ভোটাধিকার হারিয়েছেন। বাদ পড়া ভোটারদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক মুসলিম রয়েছেন বলেও দাবি করছেন বিক্ষোভকারীরা।

বিরোধীদের অভিযোগ, ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নির্বাচনে রাজনৈতিক সুবিধা পেতে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়াকে কাজে লাগাচ্ছে। এ ক্ষেত্রে নির্বাচন কমিশনের দায়িত্বশীল ব্যক্তিদের, বিশেষ করে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।

আরও পড়ুন: ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে আন্দোলন চলবে: ককরোচ জনতা পার্টি

গত মাসে প্রকাশিত দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর একটি অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, ভোটার তালিকা সংশোধনসংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে জ্ঞানেশ কুমারের অধীন দুই নির্বাচন কমিশনার আপত্তি জানিয়েছিলেন এবং তাঁর সঙ্গে দ্বিমত প্রকাশ করেছিলেন।

ওই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, সংশোধন কার্যক্রমের ফলে প্রায় ১৩ কোটি ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। সংখ্যাটি জাপানের মোট জনসংখ্যার চেয়েও বেশি বলে প্রতিবেদনে তুলনা করা হয়েছে।

আরও পড়ুন: ভারতে তরুণদের বিক্ষোভ, এবার আটক বলিউড তারকা ইমরান খান

ভারতের বিরোধী রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে, নিজেদের রাজনৈতিক স্বার্থে ভোটার তালিকায় পরিবর্তন আনার চেষ্টা করছে সরকার। তাদের দাবি, ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা প্রয়োজন।

তবে এসব অভিযোগের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার নিজে কোনো মন্তব্য করেননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, নির্বাচন কমিশন ও বিজেপি উভয় পক্ষই অভিযোগ অস্বীকার করেছে।