আওয়ামী লীগ ঠেকাতে ডিসেম্বরজুড়ে কর্মসূচি ঘোষণা করবে জামায়াত

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ন, ১৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:৪৩ পূর্বাহ্ন, ১৯ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ও সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতার প্রতিবাদে ডিসেম্বর মাসজুড়ে কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ কর্মসূচির বিস্তারিত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে। পাশাপাশি আগামী ২১ নভেম্বর রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করবে দলটি।

বুধবার (১৮ নভেম্বর) জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এসব তথ্য জানান।

আরও পড়ুন: মেঘনা আলমকে দুদকের তলব

২১ নভেম্বরের কর্মসূচি প্রসঙ্গে গোলাম পরওয়ার বলেন, চলমান রাজনৈতিক সহিংসতার প্রতিবাদে রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামী। এ সময় সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে কর্মসূচি পালনের আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে গোলাম পরওয়ার অভিযোগ করেন, গণভোটের রায় অগ্রাহ্য করার কারণে দেশে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ৭০ শতাংশ মানুষের রায় উপেক্ষা করায় ফ্যাসিবাদবিরোধী জনগণ সরকারের প্রতি আস্থা রাখতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা ঘিরে সংঘর্ষ, আহত ৪

গোপালগঞ্জসহ কয়েকটি জেলায় চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াতের এই নেতা বলেন, একটি নির্বাচিত সরকারের আমলে এ ধরনের ঘটনা কাম্য নয়। দেশের বিভিন্ন স্থানে যা ঘটছে, তাতে অনেকের মনেই প্রশ্ন দেখা দিয়েছে—দেশে কার্যকর সরকার রয়েছে কি না।

প্রতিবেশী দেশ প্রসঙ্গে তিনি বলেন, একজন পলাতক আসামিকে আশ্রয় দিয়ে দেশটি প্রথমে অপরাধ করেছে। এখন তাকে ফেরত পাঠানোর জন্য সামরিক বিমান পাঠানোর কথা বলা হচ্ছে। এসব ঘটনার তীব্র নিন্দা জানান তিনি।

সাম্প্রতিক সময়ে পুলিশের ওপর হামলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন গোলাম পরওয়ার। তার দাবি, দেশের বিভিন্ন স্থানে সহিংস ঘটনা ঘটলেও স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক বলে মন্তব্য করছেন। এতে সরকারের দায়িত্ব পালনের সক্ষমতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে রাষ্ট্রপতিকে এগিয়ে আসতে হবে। জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রপতির ভূমিকা জরুরি।

প্রশাসনসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ফ্যাসিবাদের দোসররা এখনো অবস্থান করছে অভিযোগ করে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। তিনি বলেন, বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের ঠাঁই হবে না।

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।