বিএনপি কার্যালয়ের সামনে নেই পুলিশ, ঝুলছে তালা

SM Shamim
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:১২ অপরাহ্ন, ১৪ নভেম্বর ২০২৩ | আপডেট: ৭:৫৯ অপরাহ্ন, ১৪ নভেম্বর ২০২৩
ছবি : ইন্টারনেট
ছবি : ইন্টারনেট

বিএনপি কার্যালয়ের সামনে থেকে দীর্ঘ ১৭ দিন পর সরানো হলো পুলিশের বেরিকেড। কিন্তু সেখানে বিএনপির কোনো নেতাকর্মীর দেখা যায়নি।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুর ২টার দিকে সরেজমিনে দেখা যায়, কার্যালয়ের সামনে কোনো পুলিশ সদস্য নেই।

আরও পড়ুন: ‘আগেই ভালো ছিলাম’ ন্যারেটিভে সাধারণকে উস্কানির চেষ্টা

তবে কার্যালয়ে এখনো তালা ঝুলছে। ফটকেই চেয়ারের ওপর নির্বাচন কমিশনের পাঠানো চিঠিটি পড়ে আছে। যদিও রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ এরই মধ্যে শেষ হয়েছে।

গত ২৮ অক্টোবর রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করে বিএনপি। সেখানে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। এরপর বিএনপি কয়েক দফায় হরতাল-অবরোধের মতো কর্মসূচি দিলেও কেন্দ্রীয় কার্যালয়ে দলের কোনো নেতাকর্মীকে দেখা যায়নি। কার্যালয়ের মূল ফটকও এতদিন ধরে একইভাবে তালাবদ্ধ।

আরও পড়ুন: শেখ হাসিনা আর কখনো দেশে ফিরতে পারবেন না: রাশেদ খাঁন

বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ না থাকলেও পল্টনে হোটেল ভিক্টোরির সামনে একদল পুলিশ সদস্যকে দেখা গেছে। তারা জানান, ওই এলাকায় কোনো ধরনের নাশকতা যাতে না হয় সেজন্য তারা দায়িত্ব পালন করছেন।

এদিকে মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান সাংবাদিকদের বলেন, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ তালা দেয়নি। বিএনপির নেতারাই তালা দিয়েছেন। তিনি বলেন, বিএনপির লোকজন তাদের কার্যালয়ে আসলে পুলিশ বাধা দেবে না।