রিকশায় চড়ে মনোনয়নপত্র জমা দিলেন মির্জা ফখরুল

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:১৫ অপরাহ্ন, ২৯ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৫:৫৬ পূর্বাহ্ন, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঠাকুরগাঁও-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে সোমবার (২৯ ডিসেম্বর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রিকশায় চড়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই ব্যতিক্রমী যাত্রা জেলার রাজনৈতিক মহলে ও সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনার জন্ম দিয়েছে।

সকাল ১১টার দিকে জেলা বিএনপি কার্যালয়ে উপস্থিত হয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন তিনি। অনুষ্ঠানের পর বীর মুক্তিযোদ্ধা নূর করিমের সঙ্গে একটি রিকশায় জেলা প্রশাসকের কার্যালয়ের উদ্দেশ্যে রওনা দেন।

আরও পড়ুন: শেখ হাসিনা আর কখনো দেশে ফিরতে পারবেন না: রাশেদ খাঁন

রিকশার সঙ্গে কয়েকশো দলীয় সমর্থক এবং সাধারণ পেশাজীবী পেছনে হেঁটে অনুগমন করেন। বেলা ১১:৪৭ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানা তাঁকে অভ্যর্থনা জানান। এরপর আনুষ্ঠানিকভাবে ঠাকুরগাঁও-১ আসনের জন্য মনোনয়নপত্র জমা দেন।

এ সময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সাবেক ইউপি চেয়ারম্যান জাফরউল্লাহসহ স্থানীয় জ্যেষ্ঠ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সাধারণ মানুষের কাছাকাছি থাকার বার্তা দিতে মহাসচিব এই অনন্য পদ্ধতি বেছে নিয়েছেন।

আরও পড়ুন: সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী

মির্জা ফখরুলের রিকশা যাত্রা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। বিএনপির এ পদক্ষেপ জেলার অন্যান্য আসনে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়াকেও প্রতিফলিত করেছে।