চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনাল

Sadek Ali
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ৮:২২ পূর্বাহ্ন, ০৬ মে ২০২৬ | আপডেট: ৮:২২ পূর্বাহ্ন, ০৬ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতার ফাইনালে উঠেছে আর্সেনাল। সেমিফাইনালের দ্বিতীয় লেগে স্পেনের শক্তিশালী ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে লন্ডনের দলটি।

ইংল্যান্ডের নিজ মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে জয়সূচক একমাত্র গোলটি করেন তরুণ তারকা বুকায়ো সাকা। প্রথম লেগ ১-১ সমতায় শেষ হওয়ার পর দ্বিতীয় লেগে এই জয়ের মাধ্যমেই ফাইনালের টিকিট পায় আর্সেনাল।

আরও পড়ুন: নাহিদ রানার গতির মুখে পড়তে চান না বাবর

শুরু থেকেই রক্ষণভাগ শক্ত করে খেলে অ্যাটলেটিকো মাদ্রিদ, যা তাদের দীর্ঘদিনের কৌশল। ফলে আর্সেনালের জন্য আক্রমণ ভাঙা সহজ ছিল না। তবে প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে গোলের দেখা পায় স্বাগতিকরা।

৪৪ মিনিটে লিয়ান্দ্রো ট্রোসার্ডের নেওয়া শট প্রতিহত করেন গোলরক্ষক ইয়ান ওব্লাক। কিন্তু বল পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে না পারায় ফিরতি বলে সুযোগ পান সাকা, আর সেটিই জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন তিনি।

আরও পড়ুন: নিরাপত্তা নিশ্চিত হলেই দেশে ফিরতে প্রস্তুত: সাকিব আল হাসান

চলতি মৌসুমে ঘরোয়া লিগ ও ইউরোপীয় আসর—দুই জায়গাতেই দারুণ ছন্দে রয়েছে আর্সেনাল। শিরোপার দৌড়ে টিকে থাকার পাশাপাশি ইউরোপ সেরা হওয়ার স্বপ্নও এখন আরও বাস্তব হয়ে উঠেছে তাদের জন্য।

এর আগে সর্বশেষ ২০০৬ সালে ফাইনালে উঠেছিল আর্সেনাল। সে সময় স্পেনের বার্সেলোনার কাছে ২-১ গোলে হেরে শিরোপা হাতছাড়া হয়। দুই দশক পর আবারও সেই ফাইনালের মঞ্চে ফিরল দলটি।

আগামী ৩০ মে বুদাপেস্টে অনুষ্ঠিত ফাইনালে জার্মানির বায়ার্ন মিউনিখ অথবা ফ্রান্সের প্যারিস সেইন্ট জার্মেইনের মুখোমুখি হবে আর্সেনাল। এখন প্রশ্ন একটাই—দীর্ঘ অপেক্ষার পর কি শেষ পর্যন্ত শিরোপা ঘরে তুলতে পারবে উত্তর লন্ডনের এই ক্লাব?