সিরিজ বাঁচানোর লড়াইয়ে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্মৃতি এখনও টাটকা। তবে টি-টোয়েন্টি সিরিজে শুরুটা সুখকর হয়নি বাংলাদেশের জন্য। প্রথম ম্যাচে সফরকারীদের কাছে হেরে তিন ম্যাচের সিরিজে পিছিয়ে পড়েছে স্বাগতিকরা।
সিরিজে সমতা ফেরানোর লক্ষ্য নিয়ে শুক্রবার চট্টগ্রামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নেমেছে বাংলাদেশ। ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ। ফলে শুরুতেই বোলিং করতে হচ্ছে বাংলাদেশকে।
আরও পড়ুন: দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো
চোটের কারণে টি-টোয়েন্টি দলের নিয়মিত অধিনায়ক লিটন দাস এই সিরিজে খেলতে পারছেন না। তার অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দিচ্ছেন তাওহিদ হৃদয়।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাদ পড়েছেন শেখ মেহেদী হাসান ও শরিফুল ইসলাম। তাদের পরিবর্তে সুযোগ পেয়েছেন নাসুম আহমেদ এবং গতিময় পেসার নাহিদ রানা।
আরও পড়ুন: কাতারকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয় কানাডার, ডেভিডের দুর্দান্ত হ্যাটট্রিক
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে দীর্ঘ অপেক্ষার পর শুধু ম্যাচ জিতেই থেমে থাকেনি বাংলাদেশ। সদ্য সমাপ্ত সিরিজে টানা দুই ম্যাচ জিতে প্রথমবারের মতো অজিদের বিপক্ষে ওয়ানডে সিরিজ নিজেদের করে নেয় টাইগাররা। যদিও শেষ ম্যাচে জিতে হোয়াইটওয়াশ এড়ায় সফরকারীরা।
তবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ভুগেছে বাংলাদেশ। দুই ওপেনারের ভালো সূচনা সত্ত্বেও মধ্য ও শেষের ব্যাটাররা বড় সংগ্রহ গড়তে পারেননি। ফলে ১৩১ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস। জবাবে চার উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।
বাংলাদেশ একাদশ:
সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, তাওহিদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, আব্দুল গাফফার সাকলাইন, শামীম হোসেন, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।
অস্ট্রেলিয়া একাদশ:
মিচেল মার্শ (অধিনায়ক), জশ ইংলিস, কুপার কনোলি, টিম ডেভিড, ম্যাট রেনশ, নিখিল চৌধুরি, জোয়েল ডেভিস, অ্যারন হার্ডি, নাথান এলিস, অ্যাডাম জাম্পা ও স্পেন্সার জনসন।





