আজ অগ্রিম টিকিট বিক্রির শেষ দিন, মিলছে ১৯ মার্চের টিকিট

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:৩৪ পূর্বাহ্ন, ০৯ মার্চ ২০২৬ | আপডেট: ৫:৩৪ অপরাহ্ন, ০৯ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। এ কার্যক্রমের অংশ হিসেবে আজ সোমবার (৯ মার্চ) অগ্রিম টিকিট বিক্রির নির্ধারিত সূচির শেষ দিন। আজ বিক্রি হচ্ছে ১৯ মার্চের আন্তনগর ট্রেনের টিকিট।

রেলওয়ের ঘোষণা অনুযায়ী, যারা আগামী ১৯ মার্চ ট্রেনে ভ্রমণ করতে চান, তাদের আজই অগ্রিম টিকিট সংগ্রহ করতে হবে। এবারের ঈদযাত্রায় শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।

আরও পড়ুন: ঢাকার অটোরিকশা-ই-বাইকে নতুন নিয়ম

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের সব আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। অন্যদিকে পূর্বাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে। সম্প্রতি রেল ভবনে অনুষ্ঠিত ঈদযাত্রার প্রস্তুতিমূলক সভায় এই সময়সূচি নির্ধারণ করা হয়।

নিয়ম অনুযায়ী, একজন যাত্রী সর্বোচ্চ চারটি আসন কিনতে পারবেন। তবে অগ্রিম কেনা টিকিট ফেরত বা রিফান্ড করার সুযোগ নেই।

আরও পড়ুন: চলন্ত মেট্রোরেলের দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ ছিল ট্রেন চলাচল

এ ছাড়া নন-এসি কোচের মোট আসনের ২৫ শতাংশ টিকিট ‘স্ট্যান্ডিং’ বা দাঁড়িয়ে ভ্রমণের জন্য বরাদ্দ থাকবে। যাত্রার দিন সংশ্লিষ্ট ট্রেনের শুরুর স্টেশন থেকে এসব টিকিট সংগ্রহ করা যাবে।

উল্লেখ্য, গত ৩ মার্চ থেকে শুরু হওয়া অগ্রিম টিকিট বিক্রয় কার্যক্রমে ইতোমধ্যে পর্যায়ক্রমে ১৩ থেকে ১৮ মার্চের টিকিট বিক্রি সম্পন্ন হয়েছে। তবে রেল ভবন সূত্রে জানা গেছে, চাঁদ দেখার ওপর ভিত্তি করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রির বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

যাত্রীদের ভোগান্তি কমানো এবং কালোবাজারি রোধে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রির ব্যবস্থা করেছে রেলওয়ে। পাশাপাশি সাধারণ যাত্রীদের সুবিধার কথা বিবেচনায় রেখে নির্দিষ্ট সংখ্যক স্ট্যান্ডিং টিকিটের ব্যবস্থাও রাখা হয়েছে।