সারাদেশে কয়েক দিন বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
দেশের বেশিরভাগ এলাকায় আগামী কয়েক দিন বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের অন্তত ১৩ জেলায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
বুধবার (১৭ জুন) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ী দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
আরও পড়ুন: ঢাকাসহ ৯ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা
পূর্বাভাসে আরও বলা হয়েছে, দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এদিকে মানিকগঞ্জ, নীলফামারী, রাজশাহীসহ খুলনা বিভাগের কয়েকটি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পরবর্তী কয়েক দিনের আবহাওয়ার চিত্রে বলা হয়েছে, দেশের অধিকাংশ বিভাগেই বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে। কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে এবং তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে। তবে পরবর্তী সময়ে তাপমাত্রা প্রায় স্থিতিশীল থাকতে পারে।
আরও পড়ুন: দুপুরের মধ্যে দেশের ১৫ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টিপাতের পাশাপাশি বজ্রপাতের ঝুঁকিও রয়েছে। তাই খোলা মাঠ, জলাশয় ও উঁচু স্থানে অবস্থানের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।





