মহাসড়কে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:২৭ অপরাহ্ন, ১৫ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১:২৭ অপরাহ্ন, ১৫ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুতে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সামাউন (২০) ও আব্দুর রহমান (২৩)। তারা দুজনই কিশোরগঞ্জের ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় মোটরসাইকেলে করে দুই যুবক ভৈরবের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সোনারামপুর সেতুর ওপর একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

আরও পড়ুন: শ্রীপুরে ট্রান্সফরমার বিস্ফোরণে মার্কেটে অগ্নিকাণ্ড, দগ্ধ ৪

সংঘর্ষে মোটরসাইকেলটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং এতে উভয় আরোহী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিউল আলম চৌধুরী জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে পাঠানো হয়। তবে পুলিশ পৌঁছানোর আগেই নিহতদের স্বজনরা মরদেহ নিয়ে ভৈরবে চলে যান।

আরও পড়ুন: সিদ্ধিরগঞ্জে বালুর ঘাট দখল নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫

হাটিখাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, দুর্ঘটনার বিষয়ে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।