নিকলীতে খালের নামে কৃষকের জমি দখলের চেষ্টার অভিযোগ, উত্তেজনা

Sanchoy Biswas
মো. ইসমত আলী (নিকলী, কিশোরগঞ্জ প্রতিনিধি)
প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ন, ১৩ এপ্রিল ২০২৬ | আপডেট: ৪:০৪ পূর্বাহ্ন, ২৭ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কিশোরগঞ্জের নিকলীতে খালের নামে কৃষকের জমি দখলের চেষ্টা করছে একটি চক্র। বাধা দিলে নানাভাবে হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী কৃষকরা। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ভুক্তভোগী কৃষকরা আজ রবিবার এক সংবাদ সম্মেলনে এর প্রতিকার এবং চক্রটির বিচার দাবি করেছেন।

আরও পড়ুন: ফতেহপুর জামশেদীয়া দরবার শরীফে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

সংবাদ সম্মেলনে জারইতলা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সাবেক মেম্বার মো. আলম অভিযোগ করেন, জারইতলা ইউনিয়নের রোদার পুড্ডা মৌজার ৭১৮, ৭১৯ ও ৭২৭ দাগের জমিসহ শত শত কৃষকের জমি খাল দাবি করে দখলের চেষ্টা করছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. জাকির হোসাইন। বাধা দিলে জাকির ও তার লোকজন কৃষকদেরকে নানাভাবে হুমকি দিয়ে যাচ্ছেন।

স্থানীয় মুক্তিযোদ্ধা আব্দুল করিম বলেন, যে জমিকে তারা খাল দাবি করে অপপ্রচার চালিয়ে উত্তেজনা সৃষ্টি করছেন, সেটা খাল নয়, কৃষকের রেকর্ডভুক্ত জমি।

আরও পড়ুন: গরু কাটার ‘খাইট্টায়’ কাস্টমস কর্মীর মরদেহ ১৫ টুকরো, গ্রেপ্তার ২

ইসলামী আন্দোলন জারইতলা ইউনিয়ন শাখার সভাপতি মো. মিন্নত আলী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খননের যে উদ্যোগ নিয়েছেন, আমরা সেটাকে স্বাগত জানাই। কিন্তু তিনি তো কৃষকের জমির ওপর দিয়ে খাল খননের কথা বলেননি। খাল খননের নামে যারা কৃষকের জমি দখলের চেষ্টা করছে, তাদের উদ্দেশ্য ভালো নয় বলে মন্তব্য করেন তিনি।

অভিযুক্ত শাহ মো. জাকির হোসাইন তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের পূর্বপুরুষ থেকে দেখে আসছি এখানে খালের অস্তিত্ব। তারা সরকারি জায়গা দখল করেছে দাবি করে তিনি বলেন, আমরা যখন সেটা উদ্ধার করতে গেলাম, তখন আমাদেরকে ভূমিদস্যু আখ্যা দিয়েছে।

নিকলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা সার্ভেয়ার দিয়ে মেপে এখানে রেকর্ডভুক্ত খালের অস্তিত্ব পাইনি।

পাল্টাপাল্টি অভিযোগে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।