ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী শিল্পী পরিবারকে ৫ লাখ টাকা সহায়তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ার একই পরিবারের ৯ জন দৃষ্টি প্রতিবন্ধী সদস্যের পাশে দাঁড়িয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সম্প্রতি অনুষ্ঠিত প্যারা স্পোর্টস কার্নিভালে সংগীত পরিবেশন করে প্রশংসা কুড়ানো পরিবারটিকে ৫ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করেছেন তিনি।
সোমবার (২৫ মে) রাজধানীর মিরপুরে প্রতিমন্ত্রীর ব্যক্তিগত রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই সহায়তার অর্থ হস্তান্তর করা হয়।
প্যারা স্পোর্টস কার্নিভালে নিজস্ব বাদ্যযন্ত্র বাজিয়ে গান পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেছিল পরিবারটি। তাদের প্রতিভা ও সংগ্রামী জীবন দেখে তাৎক্ষণিকভাবে আর্থিক সহায়তার ঘোষণা দেন প্রতিমন্ত্রী। ঘোষণার ধারাবাহিকতায় এবার সেই সহায়তা তুলে দেওয়া হলো পরিবারের হাতে।
সহায়তা প্রদান অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, দীর্ঘদিন ধরে এই পরিবারটি সংগীত পরিবেশনের মাধ্যমে জীবিকা নির্বাহ করে আসছে। সমাজের বিশেষ চাহিদাসম্পন্ন ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন।
আরও পড়ুন: ফেনীতে জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন
তিনি গণমাধ্যমসহ মানবিক কাজে সম্পৃক্ত ব্যক্তিদের ধন্যবাদ জানিয়ে বলেন, সমাজের সামর্থ্যবান মানুষ নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এলে অসহায় মানুষের অনেক সমস্যার সমাধান সম্ভব।
প্রতিমন্ত্রী আরও জানান, দেশের বিশেষ চাহিদাসম্পন্ন ও প্রতিবন্ধী ক্রীড়াবিদদের মূলধারায় সম্পৃক্ত করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এ লক্ষ্যে ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশ নতুন ফেডারেশন গঠনের মাধ্যমে দেশের ৬৪ জেলায় বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের জন্য নতুন পরিবেশ ও সামাজিক মর্যাদা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে।
তিনি বলেন, প্রতিবন্ধী সন্তানকে নিয়ে পরিবার যেন হতাশা বা সামাজিক সংকোচে না ভোগে, সে লক্ষ্যেই সরকার কাজ করছে। আগামী জুনের পর থেকে দেশব্যাপী প্রতিবন্ধী ক্রীড়াবিদদের অংশগ্রহণে বড় পরিসরে ক্রীড়া আয়োজনের প্রস্তুতিও চলছে।
প্রতিমন্ত্রীর এই মানবিক সহায়তায় আবেগাপ্লুত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে দৃষ্টি প্রতিবন্ধী পরিবারটি। একই সঙ্গে তারা প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছার কথাও জানান।
অর্থ হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশ–এর সহ-সভাপতি মোহাম্মদ নাসিরুল ইসলাম এবং মহাসচিব ড. মারুফ আহমেদ মৃদুল।





