বন্ধ কারখানা চালু ও বকেয়া পরিশোধের দাবিতে আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ

Sadek Ali
আশুলিয়া প্রতিনিধি
প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ন, ১২ জুন ২০২৬ | আপডেট: ১:৩৬ পূর্বাহ্ন, ১৩ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আশুলিয়ায় বন্ধ ঘোষিত আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের দুটি স্পিনিং মিল চালু এবং তিন মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন শ্রমিকরা।

 শুক্রবার (১২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে আশুলিয়ার বাইপাইল মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।

আরও পড়ুন: যুবদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার হতেই মামলার সাক্ষীকে হুমকি

কর্মসূচিতে অংশ নেওয়া শ্রমিকরা অভিযোগ করেন, কারখানা বন্ধ ঘোষণার পরও পূর্বের চুক্তি অনুযায়ী তাঁদের পাওনা পরিশোধ করা হয়নি। এতে তাঁরা পরিবার-পরিজন নিয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন।

কারখানার ফিনিশিং অপারেটর তানজিলা বলেন,আমি আট বছর ধরে কাজ করছি। বেতন ছিল আট হাজার টাকা। তিন মাস ধরে সেটিও পাইনি। এখন কারখানা বন্ধ হয়ে যাওয়ায় খুব কষ্টে আছি।

আরও পড়ুন: ফুলগাজীতে শিশুপুত্রকে আছাড়ে হত্যার অভিযোগ, বাবা আটক

সিমপ্লেক্স অপারেটর চান মিয়া বলেন,কারখানায় সরকারি কোনো নিয়মকানুন মানা হতো না। মালিকপক্ষের ইচ্ছামতো সবকিছু চলত।

শ্রমিকদের দাবি, সরকার নির্ধারিত ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা হলেও তাঁদের দেওয়া হতো প্রায় ছয় হাজার টাকা। তৃতীয় গ্রেডের অপারেটরদের ক্ষেত্রে নির্ধারিত ১৬ হাজার ৬২ টাকার বিপরীতে দেওয়া হতো প্রায় আট হাজার টাকা।

তাঁদের আরও অভিযোগ, ২০২৩ সালে নতুন মজুরি কাঠামো ঘোষণার পর গত তিন বছর ধরে প্রতি মাসে মজুরির প্রায় অর্ধেক অংশ কর্তন করা হয়েছে।

শ্রমিকরা অবিলম্বে গত তিন বছরের কর্তনকৃত অর্থসহ সব বকেয়া পরিশোধ এবং কারখানা পুনরায় চালুর দাবি জানান।

মানববন্ধনে জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির সভাপতি ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন। এ সময় শ্রমিক নেতা মনসুর আলী ও মাসুদ রানা সুলতান বক্তব্য দেন। বিভিন্ন শ্রমিক ফেডারেশনের নেতারাও কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন।

বক্তারা বলেন, দ্রুত দাবি আদায় না হলে শ্রমিকরা বৃহত্তর আন্দোলনে যাবেন। একই সঙ্গে সমস্যার সমাধানে সরকারের সংশ্লিষ্ট দপ্তর, শ্রম মন্ত্রণালয় ও মালিকপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।