চুয়াডাঙ্গা সীমান্তে বিদেশি পিস্তল-গুলি ও ২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার

Sanchoy Biswas
সনজিত কর্মকার, চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ন, ১৫ জুন ২০২৬ | আপডেট: ৬:১৪ অপরাহ্ন, ১৫ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চুয়াডাঙ্গা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন এবং ২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে।

সোমবার (১৫ জুন) ভোর ৫টার দিকে জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা কামারপাড়া গ্রামের একটি আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় এসব উদ্ধার করা হয়। ৬-বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ রাজ মাহমুদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

আরও পড়ুন: গুজব ও অপতথ্য মোকাবেলায় সাংবাদিকদের জোরালো ভূমিকা নিতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

বিজ্ঞপ্তিতে মোহাম্মদ রাজ মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দর্শনা কামারপাড়া গ্রামের সীমান্ত মেইন পিলার ৮১-এর ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আজিম উদ্দিন মাস্টারের আমবাগানে অভিযান চালানো হয়। অভিযানে ওই বাগানের মাটির নিচে পরিত্যক্ত অবস্থায় একটি ৭.৬৫ মিলিমিটার বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি এবং ২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত সামগ্রীর আনুমানিক মূল্য ১ লাখ ৭ হাজার ২০০ টাকা। এর মধ্যে বিদেশি পিস্তলের মূল্য ১ লাখ টাকা, এক রাউন্ড গুলির মূল্য ২০০ টাকা এবং উদ্ধারকৃত গাঁজার মূল্য প্রায় ৭ হাজার টাকা।

আরও পড়ুন: জয়পুরহাটে আর্জেন্টিনা প্রেমে বাড়ি রাঙালেন যুবক

অস্ত্র, ম্যাগাজিন ও গুলি দর্শনা থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও সীমান্ত এলাকায় অস্ত্র ও মাদক চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।