ঠাকুরগাঁওয়ে অগ্নিনির্বাপণ মহড়া ও প্রশিক্ষণ, আগুন নেভানোর কৌশল শিখলেন অংশগ্রহণকারীরা
অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবিলা, জনসচেতনতা বৃদ্ধি এবং আগুন লাগলে প্রাথমিকভাবে কী করণীয়—এ বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে অগ্নিনির্বাপণ মহড়া ও প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত সদর উপজেলার মাদারগঞ্জ কচুবাড়ি পোস্ট অফিস এলাকায় দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচির আয়োজন করে কছিম উদ্দিন সরকার ফাউন্ডেশন।
আরও পড়ুন: কাপাসিয়ায় বিধবা নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. মোজাম্মেল হক। তিনি অগ্নিকাণ্ডের সময় করণীয়, আগুন লাগার সম্ভাব্য উৎস শনাক্তকরণ, অগ্নিনির্বাপণ যন্ত্রের সঠিক ব্যবহার এবং জরুরি পরিস্থিতিতে নিরাপদ উদ্ধার কার্যক্রম পরিচালনার বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করেন।
প্রশিক্ষণের অংশ হিসেবে অংশগ্রহণকারীদের হাতে-কলমে আগুন নেভানোর বিভিন্ন কৌশল শেখানো হয়। এছাড়া অগ্নিকাণ্ডের সময় আতঙ্কিত না হয়ে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের উপায় নিয়ে বাস্তবধর্মী মহড়াও অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: কাপাসিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ৩দিন ব্যাপী ফল মেলা শুরু
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কছিম উদ্দিন সরকার ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ মোখলেসুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আব্দুর রাশেদ সরকার (রাশেদ), সহসভাপতি মো. ওমর ফারুক কাজল, পরিবেশ কর্মী ও নিরাপদ সড়ক চাই ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট জাহিদ ইকবালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকার বাসিন্দারা।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা ফায়ার সার্ভিসের এ উদ্যোগের প্রশংসা করেন। তারা বলেন, এ ধরনের বাস্তবভিত্তিক প্রশিক্ষণ সাধারণ মানুষের অগ্নি-সচেতনতা বৃদ্ধি এবং দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের আহ্বান জানান তারা।





