চুয়াডাঙ্গায় ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি প্রদান
দেশব্যাপী গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, কথিত ভুতুড়ে বিদ্যুৎ বিল এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দিয়েছে চুয়াডাঙ্গা ১১ দলীয় ঐক্য।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা ১১টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহারের মাধ্যমে এ স্মারকলিপি পেশ করা হয়।
আরও পড়ুন: মাধবপুরে ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে পারাপার, দুর্ঘটনার শঙ্কা
পরে জেলা কালেক্টরেট চত্বরে সমাবেশ করে ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ। সমাবেশে জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেন, গ্যাস সংকটের কারণে শিল্প-কারখানা, ব্যবসা-বাণিজ্য, কৃষি ও পরিবহনের পাশাপাশি সাধারণ মানুষের রান্নাঘরের জীবনযাত্রাও স্থবির হয়ে পড়েছে। দীর্ঘ সময় গ্যাস না থাকায় আবাসিক এলাকার পরিবারগুলোকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
তিনি আরও বলেন, বিদ্যুতের দাম বারবার বাড়ানো হলেও মানসম্মত সেবা মিলছে না। উল্টো ভুতুড়ে বিল চাপিয়ে দিয়ে সাধারণ গ্রাহকদের পকেট কাটা হচ্ছে। অন্যদিকে সিন্ডিকেট ও বাজার তদারকির অভাবে চাল, ডাল, তেল, চিনিসহ সব নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আকাশছোঁয়া। ফলে নিম্নবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত পরিবারগুলোর জীবন এখন দুর্বিষহ।
আরও পড়ুন: সিলেটে শিশু ফাহিমা হত্যা: প্রধান আসামি জাকিরের মৃত্যুদণ্ড
জনগণের জানমাল রক্ষা এবং মৌলিক সেবা নিশ্চিত করা রাষ্ট্রের প্রধান দায়িত্ব উল্লেখ করে বক্তারা অবিলম্বে এসব সংকট নিরসনে ৮ দফা দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি আলমগীর হোসেন এবং খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি হাফেজ মাওলানা শফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের জেলা যুব বিভাগের সভাপতি নূর মোহাম্মদ হুসাইন টিপু, তালিমুল কুরআন বিভাগের সভাপতি মাওলানা মহিউদ্দিন, সাবেক জেলা আমির আনোয়ারুল হক মালিক, আইনবিষয়ক সম্পাদক দারুস সালাম এবং চুয়াডাঙ্গা পৌর আমির অ্যাডভোকেট হাসিবুল ইসলামসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।





