সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে নেত্রকোনায় আরজেএফের মানববন্ধন
নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির ওরফে আলিফ ফকির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) আয়োজনে মানববন্ধন করেছেন সাংবাদিক ও সচেতন নাগরিকেরা। বক্তারা বলেন, সাংবাদিক হত্যার বিচার নিশ্চিত করতে কোনো ধরনের গড়িমসি করা যাবে না। হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) নেত্রকোনা জেলা প্রেসক্লাব প্রাঙ্গণে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) আয়োজিত এ মানববন্ধনে তৃণমূল পর্যায়ের সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আরজেএফের চেয়ারম্যান এস এম জহিরুল ইসলামের নেতৃত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনটির জেলা সভাপতি সুজাদুল ইসলাম ফরাস, প্রবীণ সাংবাদিক আবুল কাশেম আবাদী, নেত্রকোনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান, সাংবাদিক ও লেখক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, প্রবীণ সাংবাদিক শ্যামলেন্দু পাল এবং চ্যানেল আইয়ের সাংবাদিক জাহিদ হাসানসহ অন্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এরশাদুল হক জনি।
আরও পড়ুন: সম্প্রীতির বাংলাদেশ গঠনে লতা ইউনিয়নের দুর্গাপূজা হয়ে থাকবে অনন্য দৃষ্টান্ত
বক্তারা বলেন, সাংবাদিকেরা সমাজের অনিয়ম, দুর্নীতি ও অপরাধের চিত্র তুলে ধরে জনস্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁদের ওপর হামলা কিংবা হত্যার ঘটনা শুধু একটি পরিবারকে বিপর্যস্ত করে না, বরং স্বাধীন সাংবাদিকতা, গণমাধ্যমের নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতার জন্যও হুমকি সৃষ্টি করে।
তাঁরা আরও বলেন, সাংবাদিক আলিফ ফকির হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে হবে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় ও ভূমিকা তদন্তের মাধ্যমে বের করে সবাইকে আইনের আওতায় আনতে হবে। কেউ যেন প্রভাব খাটিয়ে কিংবা অন্য কোনো উপায়ে বিচারের বাইরে থাকতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকতে হবে।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন মোল্লা গ্রেপ্তার
মানববন্ধনে বক্তারা দ্রুত বিচারপ্রক্রিয়া সম্পন্ন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে সাংবাদিকদের নির্ভয়ে ও নিরাপদ পরিবেশে পেশাগত দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ কামনা করেন।
তাঁরা বলেন, সাংবাদিক আলিফ হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করা হলে অপরাধীদের কাছে কঠোর বার্তা পৌঁছাবে এবং ভবিষ্যতে সাংবাদিকদের ওপর এ ধরনের সহিংসতা প্রতিরোধে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।





