পদ্মায় অসংখ্য ডুবোচর
চরভদ্রাসনে লঞ্চ ও স্পিডবোট চলাচল চরমভাবে ব্যাহত
পদ্মা নদীর পানি দ্রুত হ্রাস পাওয়ায় ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার বিভিন্ন পয়েন্টে অসংখ্য ডুবোচর জেগে উঠেছে। তীব্র নাব্যতা সংকটের কারণে চরভদ্রাসন থেকে ঢাকার দোহারের মৈনট ঘাট এবং পাটুরিয়া নৌরুটে লঞ্চ, স্পিডবোট ও ট্রলার চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে। দীর্ঘ পথ ঘুরে চলাচল করায় এবং মাঝনদীতে নৌযান আটকে যাওয়ায় প্রতিদিন চরম ভোগান্তি ও দুর্ঘটনার ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন ঢাকামুখী হাজারো যাত্রী।
স্থানীয় ঘাট কর্তৃপক্ষ ও নৌযান চালকদের সূত্রে জানা গেছে, বর্ষা মৌসুম শেষ হওয়ার পর থেকেই পদ্মার পানি কমতে শুরু করে। তবে গত কয়েক সপ্তাহে পানি আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় নদীর মূল চ্যানেলের একাধিক স্থানে বিশাল আকারের ডুবোচরের সৃষ্টি হয়েছে। বিশেষ করে চরভদ্রাসনের গোপালপুর ঘাট থেকে মৈনট ঘাট যাওয়ার পথে নদীর মাঝখানে চর জেগে ওঠায় সরাসরি নৌপথটি প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
আরও পড়ুন: ডিসেম্বরে ফেরার দুঃস্বপ্ন ভুলে যান: কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম
ঘাট সংশ্লিষ্টরা জানান, ডুবোচর এড়িয়ে চলতে গিয়ে নৌযানগুলোকে মূল চ্যানেল ছেড়ে অনেকটা আঁকাবাঁকা ও দীর্ঘ পথ ঘুরে গন্তব্যে যেতে হচ্ছে। এতে আগের তুলনায় প্রায় দ্বিগুণ সময় লাগছে এবং নৌযানের জ্বালানি খরচও উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে। প্রায়ই যাত্রীবাহী স্পিডবোট ও লঞ্চের তলদেশ ডুবোচরে আটকে যাচ্ছে। অনেক সময় মাঝনদীতে আটকে পড়া নৌযান সচল করতে চালক ও যাত্রীদের পানিতে নেমে ধাক্কা দিতে হচ্ছে। ফলে যেকোনো সময় বড় ধরনের নৌ-দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।
গোপালপুর ঘাটের এক স্পিডবোট চালক ক্ষোভ প্রকাশ করে বলেন, "নদীর পানি এতটাই কমে গেছে যে কোথায় চর আছে তা বোঝা মুশকিল। আগে মৈনট ঘাটে পৌঁছাতে ১৫ থেকে ২০ মিনিট সময় লাগত, এখন ঘুরে যেতে ৩৫ থেকে ৪০ মিনিট লেগে যাচ্ছে। তেল খরচ বাড়লেও আমরা ভাড়া বাড়াতে পারছি না, উল্টো বোটের তলদেশ ও পাখা ক্ষতিগ্রস্ত হচ্ছে।"
আরও পড়ুন: গাজীপুরে বিতর্কিত যুবদল কমিটি: ধর্ষণ ও মাদকের অভিযোগে অভিযুক্তদের হাতে নেতৃত্ব
সড়কপথের চেয়ে সময় কম লাগায় ফরিদপুরের চরভদ্রাসন, সদরপুর ও ভাঙ্গা উপজেলার অসংখ্য মানুষ প্রতিদিন এই নৌরুট ব্যবহার করে রাজধানী ঢাকায় যাতায়াত করেন। কিন্তু নাব্যতা সংকটের কারণে সময়মতো কর্মস্থল, হাসপাতাল কিংবা জরুরি কাজে পৌঁছাতে পারছেন না যাত্রীরা।
ঢাকাগামী এক যাত্রী বলেন, "জরুরি চিকিৎসার জন্য সকালে রওনা দিয়েছি, কিন্তু মাঝনদীতে স্পিডবোট চরে আটকে যাওয়ায় প্রায় এক ঘণ্টা দেরি হয়ে গেল। ঘাটেও পর্যাপ্ত বোট পাওয়া যাচ্ছে না।" এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নারী, শিশু, রোগী এবং বয়স্ক যাত্রীরা। এছাড়া নাব্যতা সংকটের কারণে পণ্যবাহী ট্রলার চলাচল ব্যাহত হওয়ায় স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ছে।
নৌরুটটি সচল রাখতে এখনই জরুরি ভিত্তিতে নদী খনন (ড্রেজিং) প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ভুক্তভোগী যাত্রী, নৌযান চালক ও এলাকাবাসী এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এবং স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। দ্রুত ড্রেজিংয়ের মাধ্যমে নদীর নাব্যতা ফিরিয়ে এনে নিরাপদ ও নির্বিঘ্ন নৌ-চলাচল নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।





