খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানালেন মাশরাফি

Any Akter
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ২:১১ অপরাহ্ন, ৩০ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২:১২ অপরাহ্ন, ৩০ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের সর্বস্তরে। রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি গভীর শোক প্রকাশ করেছেন দেশের ক্রীড়াঙ্গনের তারকারাও। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শোক প্রকাশ করেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

নিজের ফেসবুক পোস্টে মাশরাফি লেখেন,সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাচ্ছি। কঠিন এই সময়ে তার শোকসন্তপ্ত পরিবার, তার স্বজন ও শুভাকাঙ্ক্ষী সবার প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।

আরও পড়ুন: সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাসের সিদ্ধান্তে জামায়াতের নিন্দা, প্রত্যাহারের দাবি

খালেদা জিয়ার দেশের প্রতি অবদানের কথা উল্লেখ করে তিনি আরও লেখেন, রাজনীতির পথচলায় দীর্ঘ লড়াইয়ে তার অবদান দেশের মানুষ মনে রাখবে। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। নিশ্চয়ই আল্লাহ উত্তম প্রতিদান দেবেন।

উল্লেখ্য, ১৯৪৬ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন বেগম খালেদা জিয়া। ১৯৯১ সালে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিন মেয়াদে দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা এই মহীয়সী নারী দেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবেন।

আরও পড়ুন: প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সঙ্গে ব্যারিস্টার নুসরাত খানের আকদ সম্পন্ন