সাজেক ভ্যালিতে আগুন
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালিতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে অবকাশ রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা যায়।
আগুনের বিষয়টি নিশ্চিত করে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আকতার বলেন, দুপুরের দিকে সাজেকের একটি রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। সাজেকে ফায়ার সার্ভিসের কোনো ইউনিট না থাকায় খাগড়াছড়ির দীঘিনালা থেকে ফায়ার সার্ভিস রওনা হয়েছে।
আরও পড়ুন: দেশে ফের ভূমিকম্প অনুভূত
সাজেকের মেঘসজ্জা রিসোর্টের মালিক মো. শাহিন বলেন, ‘অবকাশ রিসোর্টের পাশ থেকে আগুনের সূত্রপাত। তবে কীভাবে আগুন লেগেছে, সেটা বলতে পারছি না। আগুনে ৩০টির মতো রিসোর্ট পুড়ে গেছে।’
এ দিকে বাঘাইহাট জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর মো. আবু নঈম খন্দকার বলেন, ‘সাজেকের আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। ঠিক কয়টি রিসোর্ট পুড়েছে তা এই মুহূর্তে বলা যাচ্ছেনা। ক্ষয়ক্ষতির পরিমাণও নিরূপণ করা যাচ্ছেনা।’
আরও পড়ুন: রাজধানীসহ সারাদেশে শক্তিশালী ভূমিকম্প
এ বিষয়ে রাঙ্গামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিন বলেন, ‘জেলাপ্রশাসক মহোদয় ফায়ার সার্ভিসের ডিজির সঙ্গে কথা বলেছেন। সেনাবাহিনীর সঙ্গেও যোগাযোগ রক্ষা করছেন। সেনাবাহিনী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।’





