রেললাইনে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে ৩ জন নিহত

Sanchoy Biswas
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ন, ২৫ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৩:৩৭ অপরাহ্ন, ২৭ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের কালীগঞ্জে আন্তঃনগর ট্রেনে কাটা পড়ে তিন নারী নিহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে আড়িখোলা রেলওয়ে স্টেশনের অদূরে টেকপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) দিলীপ চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন: কুষ্টিয়ায় ট্রাক–অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

নিহতরা হলেন— গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দেওয়ালেরটেক গ্রামের মোবারক হোসেনের স্ত্রী সাদিয়া বেগম (২৪), একই গ্রামের বাবু মিয়ার মেয়ে আদূরি আক্তার (১৩) এবং নরসিংদীর শিবপুর উপজেলার মরজাল গ্রামের কমলা বেগম (৫৫)। এদের মধ্যে কমলা বেগম ও আদূরি আক্তার সম্পর্কে নানি-নাতনি। আর সাদিয়া ছিলেন তাদের প্রতিবেশী।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে আসে। সাড়ে ৪টার দিকে উক্ত ট্রেনটি আড়িখোলা স্টেশন অতিক্রম করে টেকপাড়া পার হচ্ছিল। এমন সময় প্রতিবেশী সাদিয়া কমলা ও আদূরিকে সঙ্গে নিয়ে রেললাইনের ওপর দিয়ে হাঁটার সময় ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আদূরিকে স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: শরীয়তপুরে যাত্রী নামানোর সময় পেছন থেকে আরেক বাসের ধাক্কায় নিহত ২

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) দিলীপ চন্দ্র সরকার জানান, খবর পেয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলোর সুরতহাল সম্পন্ন করে। পরে নিহতদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে বিনা ময়নাতদন্তে মরদেহগুলো পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়েছে।