শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারকে আইনি নোটিশ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ন, ১৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ৪:৫৪ অপরাহ্ন, ১৮ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনি হেফাজতে নেওয়ার দাবি জানিয়ে সরকারের ছয় কর্মকর্তাকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। ১৫ দিনের মধ্যে ব্যবস্থা না নিলে হাইকোর্টে জনস্বার্থে রিট করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। কূটনৈতিক ও প্রশাসনিক উদ্যোগের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে এনে আইনি হেফাজতে নেওয়া, নিরাপত্তা নিশ্চিত করা এবং বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানানো হয়েছে নোটিশে। বুধবার (১৮ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এ আইনি নোটিশ পাঠান। তিনি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সদস্য, তার সদস্যপদ নম্বর ৬২০২।

আরও পড়ুন: ঢাবিসহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

নোটিশের প্রাপক হিসেবে মন্ত্রিপরিষদ সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে উল্লেখ করা হয়েছে। রেজিস্টার্ড ডাক ও ইমেইলের মাধ্যমে সংশ্লিষ্টদের কাছে নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, রাষ্ট্রীয় গোপনীয়তা রক্ষা, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা, ভারতের সঙ্গে সম্ভাব্য সামরিক সংঘাতের ঝুঁকি প্রতিরোধ এবং সংবিধানের ৩১ অনুচ্ছেদে স্বীকৃত আইনের আশ্রয়লাভের মৌলিক অধিকার সমুন্নত রাখার বিষয়টি বিবেচনায় নিয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন: শিশু রামিসা হত্যা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খালাস

আইনজীবী মামুন নোটিশে দাবি করেছেন, এ উদ্যোগের সঙ্গে কোনো রাজনৈতিক দল, বর্তমান সরকার কিংবা শেখ হাসিনার পক্ষে-বিপক্ষে অবস্থানের সম্পর্ক নেই। সংবিধানের ২১ অনুচ্ছেদের ১ উপধারা অনুযায়ী রাষ্ট্রের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও জননিরাপত্তা রক্ষার সাংবিধানিক দায়িত্ববোধ থেকেই তিনি নিরপেক্ষ অবস্থানে নোটিশটি পাঠিয়েছেন।

নোটিশে জাতীয় নিরাপত্তার বিষয়টি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, দীর্ঘ সময় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের কারণে শেখ হাসিনার কাছে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা, গোয়েন্দা নেটওয়ার্ক, কূটনৈতিক প্রোটোকল ও জাতীয় নিরাপত্তাসংক্রান্ত সংবেদনশীল তথ্য থাকার বিষয়টি বিবেচনায় নেওয়া প্রয়োজন।

প্রতিবেশী রাষ্ট্রে সাবেক সরকারপ্রধানের দীর্ঘদিন অবস্থান এসব রাষ্ট্রীয় গোপনীয় তথ্য বিদেশি কর্তৃপক্ষের কাছে প্রকাশের ঝুঁকি তৈরি করতে পারে বলে নোটিশে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এ ধরনের পরিস্থিতি থেকে আন্তর্জাতিক সম্পর্কের অবনতি এবং সামরিক সংঘাতের মতো পরিণতি তৈরি হওয়ার আশঙ্কার কথাও তুলে ধরা হয়েছে।

এ প্রসঙ্গে নোটিশে ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আবদরাব্বুহ মানসুর হাদির সৌদি আরবে আশ্রয় নেওয়া এবং ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের রাশিয়ায় আশ্রয়ের পরবর্তী ভূরাজনৈতিক পরিস্থিতির উদাহরণ দেওয়া হয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে যেন এ ধরনের বৈরিতা বা সশস্ত্র সংঘাতের পরিস্থিতি তৈরি না হয়, সে বিষয়ে সতর্ক থাকার প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়েছে।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য কয়েকটি কূটনৈতিক ও প্রশাসনিক পদক্ষেপের প্রস্তাব দিয়েছেন আইনজীবী মামুন।

প্রথমে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক কূটনৈতিক পত্র বা ‘নোট ভার্বাল’ পাঠানোর কথা বলা হয়েছে। ওই পত্রে বাংলাদেশের নাগরিক হিসেবে শেখ হাসিনার আইনের আশ্রয়লাভ ও ন্যায়বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করার বিষয়টি উল্লেখ করে তাকে নিরাপদে দেশে ফিরিয়ে আনতে ভারতের সহযোগিতা চাওয়ার প্রস্তাব রয়েছে।

এরপর নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার প্রবেশ ও আত্মসমর্পণের সুযোগ তৈরির কথা বলা হয়েছে। নোটিশে ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশনের প্রসঙ্গ তুলে ধরে হাইকমিশন প্রাঙ্গণের কূটনৈতিক অলঙ্ঘনীয়তার বিষয়টি উল্লেখ করা হয়।

প্রস্তাব অনুযায়ী, সেখানে প্রবেশের পর তিনি বাংলাদেশ সরকারের আইনানুগ কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করবেন। এরপর বাংলাদেশ পুলিশের একটি বিশেষ ও প্রশিক্ষিত দল হাইকমিশন প্রাঙ্গণের ভেতরে তাকে গ্রেপ্তার করে আইনি হেফাজতে নেবে।

দেশে প্রত্যাবর্তনের জন্য বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে ট্রাভেল পাস বা ট্রাভেল পারমিট ইস্যু করার প্রস্তাবও রয়েছে নোটিশে। হাইকমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে উপযুক্ত বাণিজ্যিক ফ্লাইট অথবা বিশেষ চার্টার্ড বিমানে তাকে দেশে আনার কথা বলা হয়েছে। পুরো যাত্রায় বাংলাদেশ পুলিশের সার্বক্ষণিক নিরাপত্তা ও পাহারার ব্যবস্থা রাখার প্রস্তাব দিয়েছেন নোটিশদাতা।

দেশে ফেরার পর শেখ হাসিনার অবস্থান ও নিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার পৈতৃক বাসভবনকে বিশেষ সাব-জেল বা উপ-কারাগার হিসেবে ঘোষণার প্রস্তাব দেওয়া হয়েছে।

নোটিশে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কারা আইন ও জেল কোড অনুসরণ করে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে এ ব্যবস্থা নিতে পারে। ঢাকায় বিমান অবতরণের পর জনশৃঙ্খলা বজায় রাখা, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো এবং নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবন্দর থেকে পুলিশের হেলিকপ্টারে সরাসরি টুঙ্গিপাড়ার প্রস্তাবিত সাব-জেলে স্থানান্তরের কথাও উল্লেখ করা হয়েছে।

আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ২১ ধারায় আপিলের সুযোগের বিষয়টি তুলে ধরা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, দেশে ফেরার পর আইনি হেফাজতে থাকাবস্থায় শেখ হাসিনা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তার সংবিধিবদ্ধ আপিলের অধিকার প্রয়োগ করতে পারবেন। আইনের ২১ ধারার ৩ উপধারায় দণ্ডাদেশের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে আপিল দায়েরের সময়সীমা নির্ধারিত থাকলেও উপযুক্ত কারণ দেখানো সাপেক্ষে বিলম্ব মার্জনার আবেদন বিবেচনা করে আপিল শুনানির জন্য গ্রহণ করার বিচারিক ক্ষমতা আপিল বিভাগের রয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে বিচারাধীন অন্যান্য দেওয়ানি ও ফৌজদারি মামলার কার্যক্রম সচল রাখতে ভার্চুয়াল বিচারব্যবস্থা ব্যবহারের প্রস্তাব দেওয়া হয়েছে। আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০ অনুসরণ করে অডিও-ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়াল হাজিরা ও সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করার কথা বলা হয়েছে।

সব আপিল ও অন্যান্য আইনি প্রক্রিয়া চূড়ান্তভাবে নিষ্পত্তি হওয়ার পর সংশ্লিষ্ট আদালতের রায় ও আদেশ সরকারকে নিরপেক্ষভাবে কার্যকর করার আহ্বান জানানো হয়েছে নোটিশে।

আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে প্রস্তাবিত কূটনৈতিক, প্রশাসনিক ও আইনি পদক্ষেপ গ্রহণ করে লিখিতভাবে তাকে অবহিত করার দাবি জানিয়েছেন।

নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব, গোপনীয়তা ও সংবিধানের ৩১ অনুচ্ছেদে স্বীকৃত অধিকার রক্ষার স্বার্থে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট পিটিশন (পিআইএল) দায়ের করা হবে বলে নোটিশে সতর্ক করা হয়েছে।