জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভিসির গাড়ি অবরোধ, সংঘর্ষে আহত বহুজন

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:১১ অপরাহ্ন, ০৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ১২:১৩ পূর্বাহ্ন, ০৭ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর গাড়ি অবরোধ ও হামলার অভিযোগকে কেন্দ্র করে গাজীপুর ক্যাম্পাসে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অটোপাসের দাবিতে আন্দোলনরত ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।

সোমবার (৬ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। ওই সময় ভিসি ক্যাম্পাস থেকে ঢাকায় ফেরার পথে শিক্ষার্থীরা তার গাড়ি প্রায় আধা ঘণ্টা অবরোধ করে রাখে।

আরও পড়ুন: গ্যাসলাইট কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে সাত ইউনিট

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, আন্দোলনরত শিক্ষার্থীরা ভিসির গাড়িতে হামলা চালিয়েছে। অন্যদিকে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, তাদের ওপর বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও নিরাপত্তাকর্মীরা হামলা চালিয়েছে, যাতে অন্তত ২৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

জানা যায়, ২০২৩ সালের ডিগ্রি তৃতীয় বর্ষের কিছু শিক্ষার্থী দীর্ঘদিন ধরে অটোপাসের দাবিতে আন্দোলন করে আসছিল। এ প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ১০ শতাংশ গ্রেস মার্ক দিয়ে ফল প্রকাশ করে, যাতে অনেক শিক্ষার্থী উত্তীর্ণ হয়। তবে যারা অকৃতকার্য হয়েছে তারা অটোপাসের দাবিতে আন্দোলন অব্যাহত রাখে।

আরও পড়ুন: হাতিরপুলে বাসায় আগুন, চার ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

সোমবার শিক্ষার্থীরা ভিসির সঙ্গে কথা বলার চেষ্টা করলে উত্তেজনা তৈরি হয়। এ সময় কিছু শিক্ষার্থী গাড়ির সামনে ও নিচে অবস্থান নেয়। তাদের সরাতে গেলে নিরাপত্তাকর্মী ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন কর্মকর্তা-কর্মচারী আহত হন।

আহতদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রেজাউর রহমান মিয়া, শৃঙ্খলা ও নিরাপত্তা দপ্তরের পরিচালক মো. কামাল হাসান, আনসার সদস্য হুমায়ূন কবিরসহ আরও কয়েকজন। তাদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

অন্যদিকে আন্দোলনকারী শিক্ষার্থী ভাবনা রহমান অভিযোগ করেন, প্রশাসনের পক্ষ থেকে তাদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। বরং নিরাপত্তাকর্মীরা শিক্ষার্থীদের ওপর হামলা চালায় এবং নারী শিক্ষার্থীদেরও লাঞ্ছিত করা হয়।

শিক্ষার্থীদের দাবি, পুনর্মূল্যায়নের ফল প্রকাশের পরও অনেক মেধাবী শিক্ষার্থী অল্প নম্বরের ব্যবধানে ফেল করেছে, যা তাদের শিক্ষাজীবনকে অনিশ্চয়তার মধ্যে ফেলেছে। তারা ফল পুনর্মূল্যায়নসহ চার দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

এ বিষয়ে ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, “অন্যায্য দাবি ও অটোপাসের মতো বিষয়কে জাতীয় বিশ্ববিদ্যালয় সমর্থন করে না। শিক্ষার মান বজায় রাখতে অটোপাস ও অতিরিক্ত গ্রেস মার্ক নিরুৎসাহিত করা হবে।”

ঘটনার পর গাছা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ভিসিসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরাপদে সরিয়ে দেয়।