জুড়ীতে ঝুমুল ও কালবৈশাখীতে ক্ষতিগ্রস্তদের পাশে বিজিবি, ৪৫ পরিবার পেল ত্রাণ ও আর্থিক সহায়তা
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় প্রাক-মৌসুমী বৃষ্টি বলয় ‘ঝুমুল’ এবং প্রবল কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে বিজিবির বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) উপজেলার সীমান্তবর্তী ফুলতলা ইউনিয়নের বিরইনতলা ও ফুলতলা বস্তি এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী ও আর্থিক সহায়তা বিতরণ করে।
ত্রাণ বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান সুজন। এ সময় ব্যাটালিয়নের সহকারী পরিচালক মাহফুজার রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: সীমান্তে নতুন চাল বিএসএফের, ১২৫ জনকে জড়ো করায় সতর্ক বিজিবি
জানা যায়, গত ২৮ এপ্রিল সংঘটিত প্রবল কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে ফুলতলা এলাকার অধিকাংশ ঘরবাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঝড়ের তাণ্ডবে অনেক ঘরবাড়ি ও রাস্তাঘাটের ওপর গাছপালা ভেঙে পড়ে, ফলে সৃষ্টি হয় বড় ধরনের ক্ষয়ক্ষতি।
এ পরিস্থিতিতে বিজিবির উদ্যোগে ফুলতলা বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার ৪৫টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে দেওয়া হয় ৪ কেজি চাল, ২ কেজি আলু, ৫০০ গ্রাম মুড়ি, ৫০০ গ্রাম চিড়া, ২ লিটার বিশুদ্ধ পানি, ৫০০ গ্রাম লবণ এবং ৫ প্যাকেট খাবার স্যালাইন।
আরও পড়ুন: আদ্-দ্বীন হাসপাতালে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন
ত্রাণ পেয়ে স্থানীয়রা বিজিবির এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন বলেন, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে বিজিবি সবসময় জনগণের পাশে থাকে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।





