প্রতিটি থানা এলাকায় অপরাধ প্রতিরোধ নিশ্চিত করতে হবে: ডিএমপি কমিশনার

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ন, ১৭ জুন ২০২৬ | আপডেট: ৪:৫৪ অপরাহ্ন, ১৭ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। বিশেষ করে মাদক কারবারি, চাঁদাবাজ, ছিনতাইকারী এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কার্যকর অভিযান পরিচালনা করে তাদের আইনের আওতায় আনতে হবে।

বুধবার (১৭ জুন) ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মে ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি এসব নির্দেশনা দেন।

আরও পড়ুন: বিজিবি-বিএসএফ সম্মেলন নিয়ে বিভ্রান্তি, সীমান্ত হত্যা ও পুশ-ইন ইস্যু জেআরডিতে অন্তর্ভুক্ত

ডিএমপি কমিশনার বলেন, প্রতিটি থানা এলাকায় মাদক উদ্ধার, পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার এবং অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে। একই সঙ্গে থানাগুলোকে দালালমুক্ত রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, কোনো ধরনের অপরাধ যেন সংশ্লিষ্ট এলাকায় সংঘটিত হতে না পারে, সে বিষয়ে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, দায়িত্বশীল ও প্রশংসনীয় কাজের স্বীকৃতি হিসেবে পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হবে। তবে দায়িত্বে অবহেলা, শৃঙ্খলাভঙ্গ কিংবা পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: সীমান্তজুড়ে বিএসএফের ধারাবাহিক পুশ-ইন তৎপরতা, একের পর এক প্রতিরোধে বিজিবি

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম পিপিএম বলেন, আসন্ন পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নে সবাইকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে এমন যেকোনো অপতৎপরতা প্রতিরোধে সতর্ক নজরদারি বজায় রাখার নির্দেশনাও দেন তিনি।

মাসিক অপরাধ পর্যালোচনা সভায় মে মাসে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ অবদানের জন্য ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার।

সভায় ডিএমপির বিভিন্ন ইউনিটের অতিরিক্ত পুলিশ কমিশনার, যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, সকল থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।