বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান, প্রজ্ঞাপন জারি
বাংলাদেশ ব্যাংক-এর নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন মোস্তাকুর রহমান। বুধবার (২৫ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, মো. মোস্তাকুর রহমান, এফসিএমএ-কে অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ দেওয়া হলো।
আরও পড়ুন: ভিসা ক্যাশব্যাক ক্রেডিট কার্ড চালু করল ব্র্যাক ব্যাংক
এতে আরও উল্লেখ করা হয়, গভর্নর হিসেবে দায়িত্ব পালনকালে সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির শর্ত অনুযায়ী তিনি বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা বাংলাদেশ ব্যাংক থেকে গ্রহণ করবেন। নিয়োগের অন্যান্য বিষয় চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।
মোস্তাকুর রহমান কর্পোরেট ফাইন্যান্স, রফতানি, অর্থনীতি, প্রাতিষ্ঠানিক সুশাসন ও আর্থিক ব্যবস্থাপনায় অভিজ্ঞ একজন পেশাজীবী। তিনি ১৯৮৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর অ্যাকাউন্টিং বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)-এর ফেলো তিনি। এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ-এর পরিচালনা পর্ষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
আরও পড়ুন: ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশে এসেছে ৮৭ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স
অন্যদিকে, সাবেক গভর্নর ড. আহসান এইচ মনসুর-এর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
উল্লেখ্য, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার গঠিত হলে ২০২৪ সালের ১৪ আগস্ট ড. আহসান এইচ মনসুরকে চার বছরের জন্য গভর্নর পদে নিয়োগ দেওয়া হয়েছিল।





