শেরপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মদ জব্দ
শেরপুরের সীমান্তবর্তী শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ১২৭ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মদের সিজার মূল্য ১ লাখ ৯০ হাজার ৫০০ টাকা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) পরিচালিত বিশেষ অভিযানে এসব মদ জব্দ করা হয়।
আরও পড়ুন: সাগর পথে মালয়েশিয়া যাওয়ার সময় দালালসহ আটক ১০
৩৯ বিজিবি সূত্রে জানা গেছে, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে শ্রীবরদী উপজেলার রাজাপাহাড় এবং ঝিনাইগাতী উপজেলার সন্ধাকুড়া এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১২৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে তারা। ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে ২৪ ঘণ্টা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন: কাঁচপুর ব্রিজে দুই বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা





