মুক্তির আগেই ‘রামায়ণ’-এর আয় প্রায় ১০ কোটি রুপি
মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রিতে দারুণ সাড়া পাচ্ছে রণবীর কাপুর ও সাই পল্লবী অভিনীত সিনেমা ‘রামায়ণ’। নীতেশ তিওয়ারি পরিচালিত ছবিটির প্রথম দিনের টিকিট বিক্রি শুরু হতেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। মুক্তির প্রায় দুই সপ্তাহ আগেই অগ্রিম বুকিং থেকে আয় ১০ কোটি রুপির কাছাকাছি পৌঁছেছে বলে জানা গেছে।
ট্রেড বিশেষজ্ঞদের শুক্রবারের হিসাব অনুযায়ী, ৫ নভেম্বর মুক্তির প্রথম দিনের জন্য টিকিট বিক্রি হয়েছে ৮ কোটি ১৬ লাখ রুপির। এর মধ্যে নির্মাতাদের সংরক্ষিত বা বিশেষভাবে বরাদ্দ আসনের আয় বাদ দিলে সাধারণ দর্শকদের টিকিট বিক্রি থেকে এসেছে ৬ কোটি ১৫ লাখ রুপি।
আরও পড়ুন: সাইফকে ‘দ্য কুলেস্ট হাজবেন্ড’ বললেন কারিনা, জবাবে কী বললেন অভিনেতা?
প্রথম দিনের জন্য ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহে সিনেমাটির ৩ হাজার ৯৪৪টি শো নির্ধারিত হয়েছে। এর মধ্যে প্রায় ৯৫ শতাংশ আসন পূর্ণ হয়েছে বলে খবর। শহরভিত্তিক হিসাবে অগ্রিম টিকিট বিক্রিতে এগিয়ে রয়েছে দিল্লি।
দর্শকদের আগ্রহের প্রভাব পড়েছে টিকিটের দামেও। মুম্বাইয়ে বিশেষ রিক্লাইনার আসনের টিকিটের দাম সর্বোচ্চ ৩ হাজার ১৭০ রুপি পর্যন্ত উঠেছে। তবে সাধারণ আসনের টিকিটের দাম তুলনামূলক কম রয়েছে।
আরও পড়ুন: ঐশ্বরিয়ার হাত ছুঁতেই সালমানকে ধমক বানসালির
প্রায় ৩ ঘণ্টা ১৫ মিনিট দৈর্ঘ্যের এই সিনেমায় রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। সীতার ভূমিকায় রয়েছেন সাই পল্লবী। অগ্রিম বুকিংয়ের এই গতি বজায় থাকলে মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে বড় সাফল্য পেতে পারে ছবিটি বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।





